গৃহকর পুনর্মূল্যায়ন স্থগিত প্রধানমন্ত্রীর সহানুভূতির বহিঃপ্রকাশ: আ. লীগ নেতা
জনগণের দাবি মেনে ‘গলাকাটা গৃহকর’ স্থগিত করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সহানুভূতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
মঙ্গলবার নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ১ নম্বর সাইট পাড়া এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বর্ধিত হারে ভাড়ার ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) গৃহকর পুনর্মূল্যায়ন শুরু করলে নগর আওয়ামী লীগ সভা করে নিজেদের বিরোধিতার কথা জানায়।
এরপর নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দেওয়া চিঠি সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে পৌঁছে দেওয়া হয়।
এই বাদ-প্রতিবাদের মধ্যে গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সভায় নতুন পুনর্মূল্যায়ন পদ্ধতি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছে, সব সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হবে।
“অটোমেশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিত থাকবে। আগের এসেসমেন্ট অনুসারেই গৃহকর আদায় করা হবে।”
তবে এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা সম্বলিত কোনো চিঠি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাননি বলে জানান সামসুদ্দোহা।
মঙ্গলবারের মতবিনিময় সভায় খোরশেদ আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীর সরকার মন্ত্রণালয় অন্যায়ভাবে বর্ধিত গৃহকর স্থগিত করে প্রমাণ করেছে সরকার জনবান্ধব।”
বর্ধিত গৃহকরবিরোধী আন্দোলনে নগরবাসীর পাশে থাকায় মহিউদ্দিন চৌধুরীকেও অভিনন্দন জানান সুজন।
এদিকে বর্ধিত গৃহকর স্থগিত করার সিদ্ধান্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করেছে নগর ছাত্রলীগ।
বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
