২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের বিরুদ্ধে ক্ষোভ করদাতা সুরক্ষা পরিষদের

সংগঠনের সাধারণ সম্পাদককে ‘অস্ত্র ঠেকিয়ে হুমকি’ দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে করদাতা সুরক্ষা পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 07:12 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

সোমবার বিকালে নগরীর কদমতলী মোড়ে প্রতিবাদ সমাবেশে পরিষদের একাধিক নেতা মেয়রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সেখান থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আসে হাজার খানেক মানুষ।

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চের সহযোগী অধ্যাপক আমির উদ্দিনকে তার কক্ষে গিয়ে ‘অস্ত্র ঠেকিয়ে’ হুমকি দেয় ১০-১৫ জন যুবক।

হুমকিদাতারা নিজেদের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচয় দেয় বলে জানিয়েছিলেন আমির উদ্দিন।

প্রেস ক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভায় আমির উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমরা পাঠদান করি। সেখানে কয়েকজন আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে বলে গিয়েছে আমাকে আন্দোলন থেকে সরে যেতে।

“তাদের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রামের মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। যে জীবন মানুষের অধিকার আদায়ের জন্য উৎসর্গীত সে জীবন মহত্তম জীবন।”

মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার সুযোগ ছিল। চট্টগ্রামের মানুষ এক বছর আপনাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়েছিল। আপনি চট্টগ্রামের মানুষের দুঃখ-দুর্দশা, আশা-প্রত্যাশা কিছুই বোঝার চেষ্টা করেননি। আপনি চট্টগ্রাম সিটি করপোরেশনকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।

“চট্টগ্রামবাসী আজ সমস্ত কাজ ফেলে আমাদের ডাক শুনে রাস্তায় নেমেছে। এতেই কি প্রমাণ হয়না আপনার সাথে এই চট্টগ্রামবাসী নেই। করের বোঝা আপনি চাপিয়ে দিয়েছেন।”

আমির উদ্দিন বলেন, “আমরা ৪ ডিসেম্বর নগর ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছি। ৪ ডিসেম্বর আসার আগেই আপনি আমাদের দাবি মেনে নিন। আমরাও ঘরের ছেলে ঘরে ফেরত যাব।

“যদি দাবি না মানেন ২ ডিসেম্বর মশাল মিছিল করব। চট্টগ্রামবাসীর মনে মনে সেই মশালের অগ্নিবীণা, সেই মশালের আগুন ছড়িয়ে পড়বে। সেই আগুন নিয়ে ৪ তারিখ নগর ভবন ঘেরাও করব। সেদিন আগুনের লেলিহানে আপনার গুণ্ডাপাণ্ডারা জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।”

পথসভায় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি মেয়রের উদ্দেশ্যে বলেন, “আপনি রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দিয়েছেন, ভয় পাইনি। প্রাণনাশের হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলন আরও তীব্র হবে।

“এটা ব্যক্তিস্বার্থের আন্দোলন নয়। নগরবাসীর অস্তিত্ব রক্ষার আন্দোলন।”

এর আগে কদমতলির মোড়ের সমাবেশে পরিষদের উপদেষ্টা মোহাম্মদ জাফর বলেন, “আমরা ১১ মাস ধরে সংগ্রামে লিপ্ত। প্রতিবাদ করেছি। সভ্য শান্ত সুশৃঙ্খলভাবে এগুচ্ছি।

“আপনি (মেয়র) হার্ডলাইনে চলে গেছেন। মামলা করবেন বলেছেন। সেটাও সহনীয়। কিন্তু হঠাৎ করে একজন শিক্ষককে অপমান করবেন এটা আশা করিনি। আমরা তো যুদ্ধ করতে যাব না। বিচার নগরবাসী করবেন।”

তিনি মেয়রের উদ্দেশ্যে বলেন, “ইতিহাস পাঠ করুন। এত নিচে নামবেন না। আপনাকে রাজনীতিতে অনেক দূর যেতে হবে। করদাতাদের কাছে কি হিসেবে চিহ্নিত হবেন ভাবেন।

“আপনার ভালো পরামর্শকদের কাছ থেকে পরামর্শ নিন। যারা লোহা-লক্কড় নিয়ে হাঁটে তাদের পরামর্শ না। আপনি আমাদের লোক, সরকারও আমাদের। কিন্তু একটা বিশ্রী ঘটনা করলেন। আপনার সাথে অনেক বিষয়ে একমত। ঘরভাড়ার ভিত্তিতে গৃহকর বাদ দেন। শতভাগ সহায়তা করব।”

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমি বলেন, “উনি (মেয়র) জানেন না কোনটা টেম্পু স্ট্যান্ড আর কোনটা বিশ্ববিদ্যালয়। আপনি ভ্রষ্ট, নষ্ট করাই আপনার একমাত্র কাজ।

“বিশ্ববিদ্যালয় শিক্ষক আমির উদ্দিন ৬০ লাখ মানুষের ভাগ্য বদলের লড়াইয়ের সেনাপতি। অস্ত্রকে ৬০ লাখ মানুষ ভয় পায় না। নগরবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি নিজেকে মেয়র দাবি করতে পারেন না।”

সমাবেশে বক্তব্য রাখেন ৮ মহল্লা কমিটির শাহজাহান চৌধুরী, কাজীর দিঘীর মহল্লা সর্দার নুরুল ইসলাম, এনায়েতবাজার মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল মনু, হাজী মফিজুর রহমান প্রমুখ।

সিটি মেয়র আ জ ম নাছির আগের পদ্ধতিতে ভাড়ার ভিত্তিতে না করে আয়তনের ভিত্তিতে গৃহকর পুর্নমূল্যায়ন শুরু করেন গত বছর মার্চে। তখন থেকেই এর বিরুদ্ধে আন্দোলন করছে করদাতা সুরক্ষা পরিষদ।

ইতিমধ্যে নগর আওয়ামী লীগ, বিএনপি, ১৪ দল, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মনজুর আলম চিঠি দিয়ে এবং সাবেক কাউন্সিলররাও  বর্ধিত গৃহকরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন।

পুরনো খবর:

বর্ধিত গৃহকরের বিরুদ্ধে অবস্থান, চবি শিক্ষককে ‘অস্ত্র ঠেকিয়ে হুমকি’
গৃহকর নিয়ে চট্টগ্রাম নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা