মোসলেম লাঞ্ছিত: ছাত্রলীগের ৪ জনকে বহিষ্কারের সুপারিশ
আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমদকে লাঞ্ছনায় জড়িত ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের চার সদস্যকে শাস্তি হিসেবে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ।
ওই চারজন হলেন- ফরহাদ আলম, স্বর্ণেন্দু বিকাশ ধর, সাগর দাশ ও মো. ফোরকান।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নগর কমিটির নেতারা তাদের সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে সেই সুপারিশের কথা তুলে ধরে।
গত শনিবার লালদীঘি মাঠে বসে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পর টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় এক দল ছাত্রলীগ নেতা-কর্মীর হাতে লাঞ্ছিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম।
এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় নেতাদের অসন্তোষের মধ্যে রোববার মোসলেমের বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসেন নগর ছাত্রলীগের নেতারা।
এর একদিন বাদেই সংবাদ সম্মেলনে শাস্তির সিদ্ধান্ত জানাতে আসেন তারা।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সংবাদ সম্মেলনে বলেন, যে চারজনকে বহিষ্কারের সুপারিশ তারা করেছেন, তারা ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের ডিগ্রি ও অনার্সের শিক্ষার্থী। সংগঠনের কোনো পদে না থাকলেও তাদের প্রাথমিক সদস্য পদ আছে।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, “সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের মতো গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ায় চারজন কলেজ ছাত্রনেতার বিরুদ্ধে আজীবন বহিষ্কারের শাস্তি প্রদানের লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ করছি।”
রনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আরও যারা জড়িত যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
সেদিন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াস ভিড়ের মধ্যে ধাক্কায় পড়ে যাওয়ার পর মোসলেমকে লাঞ্ছিত করা হয়।
ইলিয়াসের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে রনি বলেন, “তিনি তো ঘটনার শিকার। তাকে ধাক্কা দেয়ার পরই অন্যরা এ ঘটনা ঘটায়।”
সংবাদ সম্মেলন থেকে মোসলেম উদ্দিনের উপর হামলার ঘটনায় নগর ছাত্রলীগের পক্ষ থেকে লজ্জা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
নগর সভাপতি ইমু বলেন, “ঘটনার ভিডিও ও স্থির চিত্র দেখে সম্পৃক্তদের খুঁজে বের করা হচ্ছে। ঘটনাস্থলে দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলার কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীকে হাতাহাতিতে অংশ নিতে দেখা গেছে।”
সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের সহ-সভাপতি নেজাম উদ্দিন ও সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
