চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোসলেম লাঞ্ছিত
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় পেছনে দাঁড়ানো এক ছাত্রলীগ নেতাকে ধাক্কা দেয়ার জেরে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।
ওই ঘটনার পর সভাস্থল লালদীঘির মাঠ থেকে বেরিয়ে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফসারুল আমীনের গাড়িতে করে ফেরার সময় তিনটি মোটর সাইকেল নিয়ে গাড়িটির পথরোধেরও চেষ্টা করা হয়।
আফসারুল আমীন তখন গাড়ি থেকে নেমে একটি মোটর সাইকেল ধরে ফেললেও বাহনটিতে থাকা তরুণরা পালিয়ে যায় বলে জানান মোসলেম ।
এ ঘটনা নিয়ে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোসলেম।
ঢাকায় গণভবনে বসে শনিবার ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকদ্রব্য বিরোধী এবং সরকারের বিভিন্ন উন্নয়ন’ বিষয়ে চট্টগ্রাম বিভাগের তৃণমূলের নাগরিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালদীঘির মাঠের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হয় বেলা ১টা ৩৪ মিনিটে।
এরপর কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মঞ্চের সামনে থাকা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের বক্তব্য নেয়।
তাদের পর মোসলেম উদ্দিন নিজ থেকে টেলিভিশন চ্যানেলের সঙ্গে এগিয়ে গেলে পেছনে থাকা একদল তরুণ হুড়োহুড়ি শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এসময় মোসলেম উদ্দিন পেছনে দাঁড়ানো একজনকে ধাক্কা দেন।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ নেতারা জানান, ধাক্কা খেয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক মো. ইলিয়াস পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এরপরই সেখানে উপস্থিত বেশ কয়েকজন যুবক-তরুণ মোসলেম উদ্দিনকে ঘিরে ধরে তার দিকে তেড়ে যায়। তারা তাকে ধাক্কা দেয় এবং মারতে উদ্যত হয়। তাদের কয়েকজনের মাথায় ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লেখা লাল রঙের টুপি ছিল।
মোসলেম উদ্দিনকে লক্ষ্য করে তারা ‘দুর্নীতিবাজ’ ও ‘দালাল’সহ বিভিন্ন মন্তব্য করতে থাকে।
ওই তরুণরা নগরীর এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মী বলে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা জানান। এমইএস কলেজের ছাত্রলীগ নেতারা নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
ওই তরুণরা মোসলেম উদ্দিনের দিকে তেড়ে গেলে নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীসহ কয়েকজন মিলে তাকে লালদীঘির মাঠের বাইরে নিয়ে আসেন।
তখন মাঠের বাইরে মূল সড়কে থাকা সাংসদ আফসারুল আমীনের গাড়িতে উঠে পড়েন মোসলেম উদ্দিন। ওই সময়ও তরুণরা তাকে ধাওয়া করে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে কয়েকজন এবং পুলিশ সদস্যরা মিলে মোসলেমকে গাড়িতে তুলে দেন।
নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিডিও কনফারেন্স শেষে আমি মাঠ থেকে বেরিয়ে যাই। পরে গণ্ডগোল দেখতে পেয়ে আবার মাঠে যাই। বিশৃঙ্খলাকারীদের থামাই। সেখান থেকে উনাকে (মোসলেম উদ্দিনকে) গাড়িতে তুলে দিই।”
ঘটনার বিষয়ে মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চ্যানেল টোয়েন্টিফোরকে সাক্ষাৎকার দেওয়ার সময় পেছনে ধাক্কাধাক্কি হয়।
“তখন তেমন কিছুই হয়নি। কিন্তু সাক্ষাৎকার শেষ হতেই কয়েকজন ছেলে তেড়ে আসে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।”
গাড়িতে করে চলে যাওয়ার সময়ের ঘটনার বর্ণনা দিয়ে মোসলেম উদ্দিন বলেন, “আফসারুল আমীন সাহেবের গাড়িতে করে যাওয়ার সময় লাভ লেইন হয়ে স্টেডিয়াম পর্যন্ত তিনটি মোটর সাইকেলে চড়ে কয়েকজন গাড়ির গতিরোধের চেষ্টা করে।
“স্টেডিয়ামের পেছনের সড়কে আফসারুল আমীন সাহেব গাড়ি থেকে নেমে একটি মোটর সাইকেল ধরে ফেলেন। এসময় ওই মোটর সাইকেলে থাকা তরুণরা পালিয়ে যায়।”
মোটর সাইকেলটি ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে জমা দেয়া হয়েছে বলেও জানান মোসলেম।
তিনি বলেন, “মাঠের ঘটনায় ইলিয়াস নামে একজনের নাম শুনেছি। নগর, উত্তর, দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। তাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
দক্ষিণ জেলা আওয়ামী লীগে গত ইউপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে মোসলেম উদ্দিনের বিরোধ রয়েছে।
এদিকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোসলেম উদ্দিন।
বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উত্তর জেলার সাধারণ সম্পাদক সালাম।
