২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ২ নেতার অপসারণ দাবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘মনোয়ন বাণিজ্যের’ অভিযোগ তুলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের অপসারণ দাবি করেছেন সংগঠনের একাংশের নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানার নেতারা, যারা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থক হিসেবে পরিচিত।

দলীয় কার্যালয় ভাংচুরের একদিন পর এই সংবাদ সম্মেলন করা হলো।

লিখিত বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কর্ণফুলী থানা কমিটির সভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা করে প্রার্থীর নাম সুপারিশ করবে।

“সেটা জেলা ও উপজেলা আওয়ামী লীগের এবং যে এলাকায় নির্বাচন হচ্ছে সে ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড ঢাকায় দলীয় সভাপতির কার্যালয়ে পাঠাবে।”

সৈয়দ জামালের অভিযোগ, এই সিদ্ধান্ত উপেক্ষা করে সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান ‘মনোনয়ন বাণিজ্যের’ অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন।                                                                                                     

চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা এবং নগরীর কর্ণফুলী থানা নিয়ে আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলা গঠিত।

গত শুক্রবার প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিনের বিরোধের জেরে আনোয়ারা ও পশ্চিম পটিয়া এলাকার প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

কার্যালয় ভাংচুরকারীদের ভূমি প্রতিমন্ত্রীর অনুসারী বলে অভিযোগ করেছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় ১৬টি ইউনিয়ন রয়েছে জানিয়ে সৈয়দ জামাল বলেন, “আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী আনোয়ারা ও কর্ণফুলীর প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটির মতামতসহ একজন করে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয় এবং উপজেলা ও থানা নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে জমা দেয়া হয়।”

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির নিয়ম না থাকলেও সভাপতি মোসলেম উদ্দিন চেয়ারম্যান প্রার্থীদের কাছে ফরম বিক্রি করছেন।

বিএনপি-জামায়াত ঘরানার লোকদের কাছেও সভাপতি ফরম বিক্রি করছেন বলে অভিযোগ তোলেন সৈয়দ জামাল।

কর্ণফুলী থানার ৪ নম্বর চরলক্ষ্যা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী নাজিম উদ্দিন হায়দার অভিযোগ করেন, তৃণমূলের ভোটে তিনি প্রার্থী মনোনীত হলেও মোহাম্মদ আলী নামে আরেকজনকে মনোনয়ন দেওয়ার সুপারিশ করেছেন  মোসলেম উদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসলাম আহমেদ, কর্নফুলী থানার ৩ নম্বর শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বকুলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

পুরনো খবর:

‘জাবেদ-মোসলেম বিরোধে’ আ. লীগ কার্যালয়ে হামলা