মোছলেম উদ্দিনের অনুসারীদের বিক্ষোভ
দুপুরে লালদীঘির মাঠে এক ছাত্রলীগ নেতাকে ধাক্কা দেওয়ার জেরে লাঞ্চিত হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের অনুসারীরা নগরীতে বিক্ষোভ করেছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের ব্যানারে মোসলেম উদ্দিনের ওপর ‘পরিকল্পিতভাবে প্রাণনাশের হামলার’ প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
নগরীর হাজারী গলি সংলগ্ন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভকারীদের অন্যতম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের নেতা মোসলেম উদ্দিন আহমদের উপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
“বিক্ষোভ সমাবেশ থেকে যেসব সন্ত্রাসী এ হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতার দাবি জানানো হয়েছে।”
সড়ক বন্ধ করে বিক্ষোভ করার বিষয়ে জানতে চাইলে পার্থ সারথী বলেন, “রাস্তা বন্ধ করব কেন? বক্তব্য দেওয়ার সময় ছেলেদের সাথে আরো অনেকে জড়ো হয়ে তা শুনছিল। ভিড় একটু বেশি হয়ে গিয়েছিল, আর কিছু নয়।”
শনিবার দুপুরে লালদীঘি মাঠে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স শেষে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছিলেন মোসলেম উদ্দিন আহমদ।
পরে নগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হস্তক্ষেপে তিনি সাংসদ আফসারুল আমীনের গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপরও মোটর সাইকেলে কয়েকজন যুবক তাদের গাড়িটি অনুসরণ করে এর গতিরোধের চেষ্টা করে বলে অভিযোগ করেন মোসলেম উদ্দিন।
