মোসলেমের কাছে ক্ষমা প্রার্থনা ছাত্রলীগের সেই নেতা-কর্মীদের
লালদীঘি মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে লাঞ্ছিত করার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের কাছে ক্ষমা চেয়েছেন নগরীর ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।
রোববার দুপুরে নগরীর লালখান বাজারে মোসলেম উদ্দিনের বাসায় গিয়ে ক্ষমা চাওয়া হয় এই ঘটনায় অভিযোগের মুখে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ ইলিয়াসের নেতৃত্বে।
এসময় মোসলেমের বাড়িতে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানও ছিলেন।
সন্ধ্যায় মোসলেম উদ্দিনের বাসায় যান চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
মোসলেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটার অবসান হয়েছে।”
তিনি জানান, “এমইএস কলেজ ছাত্রলীগ বা তাদের কারও সঙ্গে তার কোনো সমস্যা নেই। মাঠের ঘটনায় তারা আমার কাছে ক্ষমা চেয়েছে। পরে মোটর সাইকেলে করে অনুসরণকারীরা তারা নয়।”
তবে মাঠে লাঞ্ছনার ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে মহানগর ছাত্রলীগের পক্ষে তাদের বিরুদ্ধে নেওয়া হবে বলে জানান তিনি।
শনিবার দুপুরে লালদীঘি মাঠে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় পেছনে দাঁড়ানো ছাত্রলীগ নেতা ইলিয়াসকে ধাক্কা দেওয়ার জেরে লাঞ্ছিত হন মোসলেম।
এ ঘটনার পর সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফসারুল আমীনের গাড়িতে করে যাওয়ার পথে তিনটি মোটর সাইকেলে তার পথরোধের চেষ্টাও করা হয়।
রোববার ঢাকায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের এক বৈঠকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। মোসলেমকে যারা লাঞ্ছিত করেছেন তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা করতেও বলা হয়।
