সম্প্রীতি রক্ষায় গুজবে কান না দেওয়ার আহ্বান মহিউদ্দিনের
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন স্বার্থে ছড়ানো কোনো গুজবে কান দেবেন না।
“মহল বিশেষ স্বাধীনতা বিরোধী শক্তির ইন্ধনে বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মঠ-মন্দির ও বাড়ি ঘরে হামলা করেছে। ওই মহলটি বাংলাদেশের অগ্রযাত্রা ও সম্প্রীতিময় পরিবেশ ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”
মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বলেন, এই ষড়যন্ত্র অবশ্যই প্রতিহত করতে হবে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক ভূ-খণ্ড।
“অতীতে স্বার্থান্বেষী সাম্প্রদায়িক গোষ্ঠী বিক্ষিপ্তভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার জন্য সাময়িক উন্মাদনা সৃষ্টি করতে চেয়েছিল। তাদেরকে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করেছি।”
অপশক্তির বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ অবস্থান নিতে এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা নিতেও দাবি জানান মহিউদ্দিন।
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
২০১২ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নন্দীরহাটে একাধিক মন্দিরে হামলা ও ভাংচুরের পর মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগের সেসময়ের নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারাও জারি করে।
