চট্টগ্রামে প্রতিমার হাত ভেঙে স্বর্ণালঙ্কার চুরি
ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের স্থাপনায় হামলার ঘটনায় আলোচনার মধ্যে চট্টগ্রামে মন্দিরের প্রতিমার হাত ভেঙে স্বর্ণালঙ্কার চুরির খবর পাওয়া গেছে।
হাটহাজারী থানার চৌধুরী হাট এলাকার ডা. বিজয় সরকারের পারিবারিক দশ মহাবিদ্যা মাতৃমন্দিরে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে চুরির ঘটনা ঘটে বলে থানায় জানানো হয়েছে।
“মন্দিরের প্রতিমার হাতে থাকা স্বর্ণালঙ্কার চোরেরা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।”
হাটহাজারী থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন মুহুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্দিরের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দুর্গা প্রতিমার দুই হাতের কব্জির অংশ ভেঙ্গে স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
রিমন মুহুরি বলেন, “এটি চুরির ঘটনা বলেই মনে হচ্ছে। মঙ্গলবার সকালে মন্দিরের সেবায়েত দুলাল কান্তি দে ঘটনা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।”
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
