মানব পাচারের ‘আসমানি দুয়ার’ চট্টগ্রাম
গত দেড় বছরে চট্টগ্রাম থেকে পাচারের সময় লিবিয়াগামী ৫০ জনকে উদ্ধারের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আকাশপথে মানবপাচারের পথ হয়ে উঠছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রপথে মানব পাচার বন্ধে সরকার কঠোর ভূমিকা নেওয়ায় এবং ঢাকার শাহজালাল বিমানবন্দরে কড়াকড়ির কারণে পাচারকারীরা চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করছে।
কেবল বুধবারই লিবিয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে ২১ জন। আর গত ছয় মাসে আরও হাজার খানেক মানুষ বাংলাদেশ থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, যাদের অধিকাংশই চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন বলে উদ্ধার পাওয়াদের ভাষ্য।
মানবপাচার রোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা মো. সিরাজুদ্দিন বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিবিয়ায় বৈধ পথে জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও নানা পথে মানব পাচার হচ্ছে। এজন্য পাচারকারীরা চট্টগ্রাম বিমানবন্দরকে তাদের ‘নিরাপদ দরজা’ হিসেবে ব্যবহার করছে।”
আইন-শৃঙ্খলা বাহিনী গত দেড় বছরে শাহ আমানত থেকে সন্দেহভাজন তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। সন্ধান মিলেছে এক দালাল চক্রের, যেখানে বিদেশিরাও জড়িত।
গত বছর ১২ মে শাহ আমানত থেকে ১১ জনকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফ্লাই দুবাইয়ের একটি বিমানে দুবাই হয়ে লিবিয়ায় যাওয়ার কথা ছিল তাদের।
ওই ঘটনার আগের দিন বন্দরনগরীর বড়পোল এলাকা থেকে তিন ‘মানব পাচারকারীকে’ গ্রেপ্তার করে সিআইডি; উদ্ধার করা হয় ৩৩টি পাসপোর্ট। সেগুলোর মধ্যে ১৭টিতে লিবিয়ার এবং একটিতে মিশরের ভিসা ছিল।
গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি কর্মকর্তারা সে সময় জানতে পারেন, ২০১৫ সালের এপ্রিল থেকে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করে তারা মানব পাচার করে আসছিল। গ্রেপ্তার হওয়ার আগের এক মাসে প্রায় পাঁচশ জনকে তারা লিবিয়ায় পাঠায়।
সর্বশেষ বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯ জনকে উদ্ধার করে র্যাব। উদ্ধার পাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের স্বজন ও প্রতিবেশীদের অনেকেই এভাবে লিবিয়া এবং সেখান থেকে ইতালি গেছেন। তাদের কাছ থেকে খবর পেয়েই তারা আগ্রহী হয়েছেন।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, বুধবার সকাল ১০টা ও বেলা সাড়ে ১২টার দুটি ফ্লাইটে ৭০ জন করে মোট ১৪০ জনের যাওয়ার কথা ছিল। তাদের মধ্যে ২১ জন বিমানে উঠে পড়ায় তাদের আটকানো না গেলেও বাকিদের যাওয়া ঠেকানো গেছে।
“প্রথম বিমানে ২১ জন ইমিগ্রেশনের সব কাজ শেষ করে বিমানে উঠে পড়ে। যে কোনো কারণেই হোক তাদের আর ফেরানো সম্ভব হয়নি। তাদের সাথে একই বিমানে আরও ১৯ জনের যাওয়ার কথা ছিল। তাদের ইমিগ্রেশনের কাজও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভিসার ধরণ ও কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় তাদের আটকানো হয়।”
ওই ১৯ জনের ভিসা ইস্যু হয়েছে একইদিন, গত ৫ অক্টোবর। এসব ভিসার মেয়াদ ৩০দিন। এগুলো সবই ভ্রমণ ভিসা।
এছাড়া সাতজনের ভিসা একদিনের। পাঁচজনের ভিসা পাঁচদিন মেয়াদি এবং চারজনের কাছে ছিল ভিসার ফটোকপি। গত ১০ জুন মেয়াদ পেরিয়ে যাওয়া ভিসাও ছিল দুজনের কাছে।
সকালের ফ্লাইট থেকে ১৯ জনকে আটকানোর পর সাড়ে ১২টার ফ্লাইটের আরও ২০ জনকে বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে আটক করে র্যাব।
“বাকিরা খবর পেয়ে আর আসেনি বলে ধারণা করছি,” বলেন মিফতাহ।
উদ্ধার হওয়াদের একজন সিলেটের বিশ্বনাথ থানার ফাহিম আহম্মেদ ছিলেন ঢাকার ফকিরাপুলের হোটেল প্রবাসে। আরও ১৪ জনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ঢাকা থেকে শ্যামলী পরিবহনের বাসে চট্টগ্রামে পৌঁছান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফাহিম বলেন, “আমাদের সাথে হোটেলে যারা ছিল তাদের কয়েকজন ৩০ মিনিট আগে এয়ারপোর্টের ভেতরে যায়। আমরা কয়েকজন পরে ঢুকি। যারা আগে ঢুকেছিল তারা বিমানে উঠে চলে গেছে। আমাদের স্যাররা (র্যাব) আটকে দিয়েছে।”
ফাহিম আহমদের সঙ্গে দালালদের কথা হয়েছিল, তাকে ইতালি পৌঁছে দেওয়া হবে। সেজন্য দালালদের সঙ্গে পাঁচ লাখ টাকায় রফা হয়েছিল তার।
সিলেটের বিয়ানীবাজার থানার বৈরাগীবাজার গ্রামের বাসিন্দা ফাহিম উদ্দিন জানান, তাদের ইমিগ্রেশন শেষ হলেও বিমানে ওঠা হয়নি।
“বিমানবন্দরে ঢুকে পাঁচ-ছয় জন করে লিফটে চড়ে উপরে উঠি। সেখানে একজন বলে ডান পাশে বসতে। আমরা বসেছিলাম। আমাদের ভিসায় সিলও মেরেছিল।”
গত পাঁচ-ছয় মাসে তাদের গ্রাম থেকে এভাবে অন্তত দুইশ লোক লিবিয়ায় এবং ৪০ জন ইতালি গেছেন বলে তথ্য দেন ফাহিম উদ্দিন। একই ধরনের কথা জানান সিলেটের বিশ্বনাথ থানার হামজাপুর গ্রামের হোসাইন আহমদ।
হোসাইন বলেন, “গত ছয় মাসে আমার এলাকার কমপক্ষে এক হাজার লোক লিবিয়া বা ইতালিতে গেছে। আত্মীয় স্বজনের সাথে ফোনে কথাও হয়েছে।”
উদ্ধার হওয়া ব্যক্তিদের ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের নয়জনই বেকার। বেশিরভাগেরই স্কুল পেরুনো হয়নি।
সুনামগঞ্জের ছাতক থানার বাগইন গ্রামের সমরু মিয়ার ছেলে মোহাম্মদ লিটন এলাকায় আইপিএস বিক্রি করতেন। ব্যবসায় ক্ষতির মুখে পড়ে দোকান বিক্রি করেছেন। জীবিকার সন্ধানে চার লাখ ২০ হাজার টাকায় লিবিয়া যেতে পূর্ব পরিচিত সুমন ও সাজীবের প্রস্তাবে রাজি হন তিনি।
লিবিয়া গিয়ে কী কাজ করবেন তা জানতেন না লিটন। তবে পৌঁছাতে পারলে মাসে ৫০-৬০ হাজার টাকা আয়ের আশা দিয়েছিল তাকে দালালরা।
লিটনের কাছে একটি লাইফ জ্যাকেটও পাওয়া গেছে, যা থেকে র্যাব কর্মকর্তাদের ধারণা ইতালি যাওয়ার লক্ষ্য নিয়েই এ পথে হেঁটেছিলেন তিনি।
ইউরোপে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের অন্যতম রুট হয়ে উঠেছে লিবিয়া থেকে বড় নৌযানে ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির বিভিন্ন দ্বীপে পৌঁছানো। এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে অনেকের মৃত্যুর খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ধরাও পড়ছেন অনেকে।
উন্নত জীবনের আশায় দালালদের ফাঁদে পড়ে এভাবে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে বলে জানান চট্টগ্রামের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লিবিয়া যাওয়ার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা আছে। অন্যদিকে ইতালির অর্থনৈতিক পরিস্থিতিও খুব একটা ভালো নয়। তারপরও অনেকে জেনেবুঝেই যায়। পরে ধরা পড়লে বলে তারা কিছুই জানে না।”
ঢাকা বিমানবন্দরে কড়াকড়ি থাকায় দালালচক্র চট্টগ্রাম বিমানবন্দরকে বেছে নিয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা। ইমিগ্রেশনে কড়াকড়ি বাড়লে এ প্রক্রিয়ায় মানব পাচার ‘বন্ধ করা সম্ভব’ বলেও মত দেন তিনি।
“ভ্রমণ ভিসায় কেউ বিদেশে গেলে আমাদের তা যাচাইয়ের এখতিয়ার নেই। এজন্য ইমিগ্রেশনে কড়াকড়ি দরকার।”
মানবপাচারকে কেন্দ্র করে চট্টগ্রামে দালালদের ‘বিস্তৃত নেটওয়ার্ক’ গড়ে উঠেছে বলে জানান বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা মো. সিরাজুদ্দিন বেলাল।
তিনি বলেন, “পাচারকারী চক্র লিবিয়া যেতে আগ্রহীদের নগরীর রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক কয়েকটি হোটেলে রাখে। নিয়মিত নজরদারি বাড়ালে এভাবে অনিরাপদ অভিবাসন বন্ধ করা সম্ভব।”
