২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর নির্বাচন কর্মকর্তার অপসারণ চেয়ে সাংসদের অনুসারীদের মিছিল

চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা মারধরের অভিযোগ তোলার পর তার অপসারণ চেয়ে উপজেলা সদরে মিছিল করেছে সাংসদের অনুসারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 03:36 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

পুরনো খবর:

বাঁশখালীতে ভোট স্থগিত, এমপির বিরুদ্ধে মামলা হবে
‘কথা শুনছ না কেন, বলেই চড় মারেন এমপি মোস্তাফিজ’
নির্বাচন কর্মকর্তাকে পেটানোর অভিযোগ এমপির বিরুদ্ধে

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বাইরে সদরের মূল সড়কে মিছিল হয় বলে বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উপজেলা নির্বাচন কর্মকর্তার অপসারণ দাবি করে মিছিল হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে।”

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ বুধবার ওই সাংসদ ও তার লোকজন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন বলে তার অভিযোগ।

Image
বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

ওইদিন বিকালেই উপজেলার ১১ ইউনিয়নে ৪ জুন অনুষ্ঠেয় ভোট স্থগিত ও সাংসদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

তবে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শুধু বাঁশখালীর বাইরে থেকে নির্বাচন কর্মকর্তা নিয়োগের কারণ জানতে চেয়েছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাংসদের অনুসারী চেয়ারম্যান প্রার্থীদের  শ’দুয়েক কর্মী-সমর্থক ইউএনও কার্যালয়ের বাইরে জড়ো হয়।তারা উপজেলা নির্বাচন কর্মকর্তার অপসারণ দাবি করে স্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে মিছিলকারীরা ইউএনও কার্যালয় প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বের করে দেয়।

মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাহাড়ছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম ও সরল ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান রশিদ আহমদের অনুসারী দলীয় নেতাকর্মীরা।

এদের মধ্যে তাজুল সাংসদ মোস্তাফিজুরের এপিএস (রাজনৈতিক) এবং রশিদ আহমদ সাংসদের চাচা।

রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কর্মকর্তার অপসারণের দাবিতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকরা মিছিল করেছে।

“উপজেলা নির্বাচন কর্মকর্তা জামায়াতের ক্যাডার। তার অধীনে কেউ নির্বাচন করবে না। অবিলম্বে তার অপসারণ চাই।”

এদিকে বেলা বাড়ার সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত কয়েকজন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর কর্মীরাও সদরে আসেন বলে জানান রশিদ।

মিছিলে অংশ নিয়েছেন কি না জানতে চাইলে রশিদ হেসে বলেন, “আমিও ছিলাম।”

মিছিলের বিষয়ে জানতে চাইলে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন স্থগিত হওয়ায় চেয়ারম্যান প্রার্থীরা মিছিল করতেই পারে। উপজেলা নির্বাচন কর্মকর্তার অপসারণ দাবিতে তারা মিছিল করেছেন।”

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মামলা করার কথা বলা হলেও বৃহস্পতিবার বেলা পৌনে ২টা পর্যন্ত এই ঘটনায় বাঁশখালী থানায় কোনো মামলা হয়নি বলে ওসি আলমগীর জানান।

তিনি বলেন, “মামলা করতে কেউ আসেননি। কেউ এলেই মামলা নেওয়া হবে।”

এবিষয়ে জানতে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা আবদুল বাতেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।