চট্টগ্রামে আরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামে ১৩ লাখ টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার মাদারবাড়ির আওতাধীন স্ট্যান্ড রোড, সাহেব পাড়া, বার কোয়ার্টার, ধনিয়ালাপাড়া, টিঅ্যান্ডটি কলোনি ও সুপাড়িওয়ালা পাড়ায় পিডিবির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহি উদ্দিন এই আদালত পরিচালনা করেন।
মঙ্গলবারও পিডিবি ৮৩ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে নগরী ও জেলার বিভিন্ন স্থানে ৪১টি মামলা ও ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করে।
পিডিবির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাট সাহেব পাড়ায় ৫৭ হাজার ৪৯ টাকা বকেয়া বিলের জন্য গোবিন্দ চন্দ্র দাশ, ৬০ হাজার ৯২৯ টাকা বকেয়ার জ্যন্য রাজীব দে, ৩৯ হাজার ৯২৯ টাকা বকেয়া থাকায় পরশুরাম দাশ ও ভিন্ডরাম দাশ এবং বার কোয়ার্টার এলাকায় আট লাখ ৩০ হাজার ৭৩ টাকা বকেয়া থাকায় সেলিম চৌধুরীর ১৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া ধনিয়ালাপাড়া টিঅ্যান্ডটি কলোনি এলাকায় ৮৯ হাজার ৩৮০ টাকা বকেয়া থাকায় আব্দুল মাবুদ ও আব্দুল কুদ্দুসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে সুপাড়ি পাড়া এলাকায় ৫৮ হাজার ৬২৬ টাকা বকেয়া থাকায় মো. মুন্না, এক লাখ ৭৭৮ টাকা বিল বকেয়া থাকায় খালেদা ও মনোয়ারা বেগম এবং ৬৬ হাজার ৬৩০ টাকা বিল বকেয়া থাকায় গুলশান বেগমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মামলা করা হয়েছে বলে জানান মনিরুজ্জামান।
