২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বিদ্যুৎবিল: ৪০ সংযোগ বিচ্ছিন্ন, ৪১ মামলা

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৮৩ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে নগরী ও জেলার বিভিন্ন স্থানে ৪১টি মামলা ও ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

এসময় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুই লাখ ৪৫ হাজার টাকা জরিমানাও আদায় করে পিডিবির ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার পটিয়া উপজেলা, নগরীর খুলশী ও আগ্রাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন পিডিবির বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন।

পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটিয়া উপজেলার শিকলবাহা, মধ্যম শিকলবাহা, দক্ষিণ শিকলবাহা ও আসামপাড়া এলাকায় ১৯ লাখ দুই হাজার ৫০০ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৭টি মামলা ও একই সংখ্যক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ায় দুইজনকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও করে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে নগরীর খুলশী এলাকার চন্দ্রনগর, বাংলাবাজার, চৌধুরী নগর, বেলতলা, মোজাফফর নগর ও টেক্সটাইল গেট এলাকায় ১৫ লাখ ৭৭ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মোট ১৩টি মামলা ও ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও নগরীর ডাবলমুরিং এলাকার কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে নয়টি সংযোগ বিচ্ছিন্ন করে খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।