চট্টগ্রামে প্রসূতি মৃত্যুর মামলায় দুই চিকিৎসকের জামিন
চট্টগ্রামে 'ভুল চিকিৎসা ও অবহেলায়' প্রসূতি মৃত্যুর অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন দুই চিকিৎসক।
জামিনপ্রাপ্ত চিকিৎসক শামীমা সিদ্দিকী রোজী ও তার স্বামী মাহবুবুল আলম দুজনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম পাঁচ হাজার টাকার বন্ডে মঙ্গলবার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৩টায় ওই চিকিৎসক দম্পতি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে পাঁচ হাজার টাকার বন্ডে আইনজীবীর জিম্মায় তাদের জামিন দেওয়া হয়।
“এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।”
চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে 'ভুল চিকিৎসা ও অবহেলার' অভিযোগে করা দুই মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের ধর্মঘট স্থগিতের দুদিনের মধ্যেই জামিন পেলেন তিন চিকিৎসক।
একদিন পর মঙ্গলবার প্রসূতির মৃত্যুর ঘটনায় করা মামলায় অন্য দুই চিকিৎসকও জামিন পেলেন।
নগরীর বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ গত ১০ জানুয়ারি সন্তান জন্ম দিয়ে মারা যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছোট ভাই খায়রুল বশরের মেয়ে মেহেরুন্নেসা রীমা (২৫)।
চিকিৎসকের অবহেলায় রীমার মৃত্যু হয় অভিযোগ করে ওইদিন রাতে সার্জিস্কোপ হাসপাতাল ভাংচুর চালায় তার স্বজনরা।
পরে ১৯ জানুয়ারি খায়রুল বশর তার মেয়ের অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজী ও তার স্বামী অধ্যাপক ডা. মাহবুবুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগ করেন।
আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেন।
তিন চিকিৎসকের বিরুদ্ধে করা দুই মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে ‘প্রাইভেট প্র্যাকটিস’ ও চেম্বার বন্ধ রেখে বুধবার থেকে ধর্মঘট শুরু করে চিকিৎসকদের সংগঠন বিএমএ’র চট্টগ্রাম শাখা।
ধর্মঘট চলায় ব্যাপক ভোগান্তিতে পড়েন চট্টগ্রামের সাধারণ রোগী ও তাদের স্বজনরা। পরে চট্টগ্রাম সিটি মেয়রের মধ্যস্থতায় রোববার ধর্মঘট স্থগিত করে চিকিৎসকরা।
