কর্মবিরতি ছাড়তে মামলা প্রত্যাহারের শর্ত চিকিৎসকদের
প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের চিকিৎসকরা।
প্রথম দফায় তিন দিনের কর্মবিরতির পর শনিবার সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই মামলা প্রত্যাহার হোক এবং প্রাইভেট চেম্বার ও বেসরকারি হাসপাতালে রোগী দেখার পরিবেশ ফিরে আসুক।”
গত ১০ জানুয়ারি নগরীর বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপে অস্ত্রেপচারে সন্তান হওয়ার পর মারা যান প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাইঝি মেহেরুন্নেসা রীমা। চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে ওইদিন রাতে হাসপাতাল ভাংচুর করে তার স্বজনরা।
এ ঘটনায় কয়েকদিন বিভিন্ন কর্মসূচির পর গত ১৯ জানুয়ারি আদালতে যান রীমার বাবা খায়রুল বাশার। মেয়ের মৃত্যুর জন্য অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চট্টগ্রাম মেডিকেলের গাইনি বিভাগের অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজী ও তার স্বামী ডা. মাহবুবুল আলমের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন তিনি।
আদালত ওই অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের জন্য পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দিলে পরদিন থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। নগরীর সব ব্যক্তিগত চেম্বার ও বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ায় কয়েকদিন ধরে ভোগান্তিতে আছেন রোগী ও তাদের স্বজনরা।
চিকিৎসকদের প্রতি এ কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়ে গত শুক্রবার এক বিবৃতিতে খায়রুল বশর বলেন, চিকিৎসা সেবা বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করে আদালতের বিচার কাজ বিঘ্নিত করার চেষ্টা চলছে।
সব চিকিৎসক নয়, তার মেয়েকে ‘হত্যার’ জন্য দায়ীদের বিচার চাইছেন জানিয়ে তিনি বলেন, “যারা অপরাধ করেছে আমি শুধু তাদের বিচার চাই। আমি তো সব চিকিৎসকের বিরুদ্ধে না। বিচার চেয়ে আমি আদালতে গেছি।”
তবে এভাবে মামলার বিরোধিতা করে সংবাদ সম্মেলনে বিএমএর চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ বলেন, “আমরা সর্বোচ্চ মেধা-শ্রম দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করি। তবে কোনো কিছুরই সফলতার হার শতভাগ নয়।
“কিন্তু এর জের ধরে হাসপাতালে ভাংচুর, চিকিৎসকদের নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া অনাকাঙ্ক্ষিত।”
“আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। কিন্তু দোষী প্রমাণিত হওয়ার পর যাতে ব্যবস্থা নেওয়া হয়,” বলেন তিনি।
রীমার শারীরিক পরিস্থিতি এবং তার চিকিৎসায় ডা. শামীমা সিদ্দিকী রোজীর নেওয়া পদক্ষেপগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএমএ নেতা শরীফ।
তার চিকিৎসকায় কোনো ধরনের অবহেলা হয়নি বলে দাবি করেন তিনি।
কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “পেশা ও চিকিৎসকদের সম্মান রাখার স্বার্থে আমরা বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হয়েছি।
“ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ক্ষেত্রে আমাদের এখনো অস্বস্তি হচ্ছে।”
মামলা প্রত্যাহারের পাশাপাশি সার্জিস্কোপ হাসপাতালে ভাংচুরে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএমএ’র চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনূস, অধ্যাপক ডা. নুরজাহান ভূইয়াসহ উপস্থিত ছিলেন।
