চট্টগ্রামে চিকিৎসক ধর্মঘটে বিপাকে রোগী ও স্বজনরা
তিন দিন ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসক ধর্মঘটের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর চাপের সঙ্গে বেড়েছে ভোগান্তি।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকের দেখা না পেয়ে চট্টগ্রাম মেডিকেলে গিয়েও চিকিৎসক ও নার্সদের ‘অবহেলার’ শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন চিকিৎসা নিতে আসা অনেকে।
শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেলে গিয়ে দেখা যায় অন্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অধিকাংশ ওয়ার্ডে স্থান সঙ্কুলান হচ্ছে না। মেঝেতে বেড ফেলে তাতে রোগী রাখা হয়েছে; বেড়েছে চিকিৎসকদের ব্যস্ততাও।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার জরুরি বিভাগ থেকে ৫৬০ রোগীকে ভর্তির জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৫৮০ জন। আর বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৬২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এর বাইরে বহির্বিভাগে প্রতিদিন আরও কয়েকশ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
“স্বাভাবিকের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। তারপরও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন,” বলেন সাইফুল।
অন্যদিকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের রয়েছে অসংখ্য অভিযোগ।
নগরীর কর্নেল হাট থেকে মা’কে নিয়ে আসা মতিউর রহমান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তারা নগরীর সিএসআর ক্লিনিকে গেলে সেখানে তারা রোগী রাখেনি।
“পরে মেডিকেলে এনে ভর্তি করেছি। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত কোনো ডাক্তারের দেখা পাইনি।”
“মানুষকে এভাবে অসহায় করে দেওয়ার কোনো মানে হয় না,” ক্ষোভের সঙ্গে বলেন তিনি।
নগরীর বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র সিএসসিআর ও বেসরকারি ন্যাশনাল হাসপাতালে গিয়ে দেখা যায়, সিসিউ ও আইসিউ সেবা ছাড়া সব বিভাগই বন্ধ। হাসপাতাল বন্ধ দেখে প্রবেশ পথ থেকেই ফিরে যাচ্ছেন রোগী ও স্বজনরা।
বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ গত ১০ জানুয়ারি সন্তান জন্ম দিয়ে মারা যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছোট ভাই খায়রুল বশরের মেয়ে মেহেরুন্নেসা রীমা (২৫)।
চিকিৎসকের অবহেলায় রীমার মৃত্যু হয়েছে অভিযোগ করে ওইদিন রাতে সার্জিস্কোপ হাসপাতাল ভাংচুর করে তার স্বজনরা।
রীমার বাবা খায়রুল বশর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজি ও তার স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগও করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দিয়েছে।
ওই মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে ‘প্রাইভেট প্র্যাকটিস’ ও চেম্বার বন্ধ রেখে বুধবার থেকে ধর্মঘট চালিয়ে আসছে চিকিৎসকদের সংগঠন বিএমএ’র চট্টগ্রাম শাখা।
বিএমএ নেতারা জানিয়েছেন, শনিবার পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।
