২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে 'ভুল চিকিৎসার' মামলায় এক চিকিৎসকের জামিন

চট্টগ্রামে 'ভুল চিকিৎসার' অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন এক চিকিৎসক, যিনি এক রোগীর অপারেশন শেষে তার পেটে গজ-ব্যান্ডেজ রেখে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

জামিনপ্রাপ্ত চিকিৎসক ডা. রানা চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।

চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম পাঁচ হাজার টাকার বন্ডে সোমবার তাকে জামিন দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ হাজার টাকার বন্ডে আইনজীবীর জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে।

“এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।”

চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবেহলার অভিযোগে করা দুই মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের ধর্মঘট স্থগিতের পরদিনই তাদের একজন জামিন পেলেন।

গত বছরের ৬ নভেম্বর চমেক হাসপাতালে নুরু আবছার (১৭) নামের এক রোগীর অপারেশনের সময় তার পেটে গজ-ব্যান্ডেজ রেখে দেওয়া হয় এমন অভিযোগে ডা. রানা চৌধুরীর বিরুদ্ধে ১৯ জানুয়ারি আদালতে মামলা করেন নুরুর বাবা জেবল হোসেন।

আর নগরীর বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ গত ১০ জানুয়ারি সন্তান জন্ম দিয়ে মারা যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছোট ভাই খায়রুল বশরের মেয়ে মেহেরুন্নেসা রীমা (২৫)।

চিকিৎসকের অবহেলায় রীমার মৃত্যু হয় অভিযোগ করে ওইদিন রাতে সার্জিস্কোপ হাসপাতাল ভাংচুর চালায় তার স্বজনরা।

পরে ১৯ জানুয়ারি খায়রুল বশর তার মেয়ের অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক শামীমা সিদ্দিকী রোজী ও তার স্বামী ডা. মাহবুবুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগ করেন।

আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেন।

তিন চিকিৎসকের বিরুদ্ধে করা দুই মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে ‘প্রাইভেট প্র্যাকটিস’ ও চেম্বার বন্ধ রেখে বুধবার থেকে ধর্মঘট শুরু করে চিকিৎসকদের সংগঠন বিএমএ’র চট্টগ্রাম শাখা।

ধর্মঘট চলায় ব্যাপক ভোগান্তিতে পড়েন চট্টগ্রামের সাধারণ রোগী ও তাদের স্বজনরা।

সিটি মেয়রের মধ্যস্থতায় রোববার ধর্মঘট স্থগিত করে চিকিৎসকরা। এর একদিন পরই আদালত থেকে জামিন পেলেন একজন।

পুরনো খবর:

কর্মবিরতি ছাড়তে মামলা প্রত্যাহারের শর্ত চিকিৎসকদের
চট্টগ্রামে চিকিৎসক ধর্মঘটে বিপাকে রোগী ও স্বজনরা