২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার ৩ চবি শিক্ষার্থী আরও ৪ দিনের রিমান্ডে

জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় আরও চারদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 05:02 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন রিমান্ড আবেদন শেষে এ আদেশ দেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন)  কাজী মুত্তাকি ইবনু মিনান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের হাজির করে গত ৬ অক্টোবর বায়েজিদ থানার হত্যা ও বিস্ফোরক আইনে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।

“আদালত শুনানি শেষে তাদের হত্যা মামলায় তিন দিন ও বিস্ফোরক মামলায় একদিন করে রিমান্ড অনুমোদন করেন।”

গত ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামে এই তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর ২৮ ডিসেম্বর তাদের গত ৬ অক্টোবর কর্ণফুলী থানার সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

গ্রেপ্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র। গত ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তিনজনের ছাত্রত্ব বাতিল করে।

গ্রেপ্তারকৃতদের  মধ্যে নয়ন ইসলামী ছাত্র শিবেরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।

গ্রেপ্তারদের মধ্যে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী জেএমবি’র আঞ্চলিক কমান্ডার ফারদীনের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার বাসা থেকে বিপুল পরিমাণ গুলি, অত্যাধুনিক রাইফেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার চার জেএমবি সদস্যকে নিয়ে ৫ অক্টোবর কর্ণফূলী থানার খোঁয়াজনগর নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জামসহ সামরিক কমান্ডার জাবেদকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরদিন ভোরে অক্সিজেন এলাকায় পুলিশের গ্রেনেড উদ্ধার অভিযানে জাবেদ বিস্ফোরণে নিহত হন।

এই ঘটনায় বায়েজিদ থানায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করা হয়।

পুরনো খবর:

জেএমবি সম্পৃক্ততা: ৩ চবি শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জেএমবি সদস্য রিমান্ডে