২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সম্পৃক্ততা: ৩ চবি শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 03:57 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ (২৬) ও শওকত রাসেল (২৬) এবং নাইমুর রহমান নয়ন (২৫)।

এদের মধ্যে ফয়সাল ও রাসেল মাস্টার্সে পড়তেন। আর অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া নয়ন ‘ইসলামী ছাত্র শিবিরের’ রাজনীতির সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা পুলিশের ধারণা।

মঙ্গলবার ‘উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে’ এই তিনজনের ছাত্রত্ব বাতিল করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

এর আগে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরীর নালাপাড়া, কাজীর দেউরী ও কসমোপলিটন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদিনের বাসার সন্ধান পায়; সেখান থেকে রাইফেল, বিস্ফোরক ও সামরিক পোশাক উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য।

ইতোমধ্যে সোমবার আদালতের মাধ্যমে নগরীর কর্ণফুলী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচদিন করে হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

গ্রেপ্তার ৩ জনই ‘চবি শিক্ষার্থী’, একজন ‘ছাত্র শিবিরে যুক্ত’
চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জেএমবি সদস্য রিমান্ডে