চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জেএমবি সদস্য রিমান্ডে
চট্টগ্রামে গ্রেপ্তার তিন জেএমবি সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
সোমবার মহানগর হাকিম রহমত আলী রিমান্ড আবেদনের এক শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদে এ আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান, আসামিদের হাজির করে গত ৬ অক্টোবর কর্ণফুলী থানার সন্ত্রাস বিরোধী আইনে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।
আদালত শুনানি শেষে তাদের পাঁচদিন করে রিমান্ড অনুমোদন করে করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
এর আগে শনিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামে এই তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার এ তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এদের মধ্যে নয়ন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
গ্রেপ্তারদের মধ্যে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী জেএমবি’র আঞ্চলিক কমান্ডার ফারদীনের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার বাসা থেকে বিপুল পরিমাণ গুলি, অত্যাধুনিক স্নাইপার রাইফেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য্য জানান, গ্রেপ্তার তিন জেএমবি সদস্যকে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় হওয়া সন্ত্রাস বিরোধী ও অক্সিজেন এলাকায় গত ৬ অক্টোবর গ্রেনেড উদ্ধারে জেএমবি’র সামরিক কমান্ডার জাবেদ নিহতের ঘটনায় দায়ের হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
এদিকে আমান বাজার এলাকায় জেএমবি’র আঞ্চলিক কমান্ডার ফারদিনের বাসা থেকে স্নাইপার রাইফেল, গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায়ও তাদের আসামি করা হয়।
