২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সংঘর্ষে জড়িত কারা, জানতে চায় ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার দিন আগে ভর্তি পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া ছাত্রলীগ কর্মীদের নাম জানতে চেয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 04:13 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেছেন, শুক্রবার রাতের মধ্যেই তারা নামের তালিকা কেন্দ্রের কাছে জমা দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও আমার বৈঠক হয়েছে। ওইদিন আসলে কি ঘটেছিল এবং কারা জড়িত ছিল তা জানতে চেয়েছেন তারা।

“বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে ভিডিও ফুটেজ দেখে জড়িতদের যেসব ছবি পাওয়া যাবে তাদের নাম শুক্রবার রাতের মধ্যেই লিখিতভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দেব,” বলেন সুজন।

২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনের রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়ে সভাপতি টিপু ও সাধারণ সম্পাদক সুজনের অনুসারী কর্মীরা। তাতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।

অবশ্য সুজনের দাবি, সেদিন আদৌ কোনো সংঘর্ষ হয়নি। দুই ছাত্রাবাসের ‘জুনিয়র’ কর্মীদের মধ্যে ‘সামান্য উত্তেজনা’ তৈরি হয়েছিল শুধু।

তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, টিপুর অনুসারী ‘সিক্সটি নাইন’ ও সুজনের অনুসারী ‘সিএফসি’ গ্রুপের কর্মীরা পরীক্ষা শুরুর আগে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল করতে গিয়ে হাতাহাতিতে জড়ায়।

পরে সভাপতির অনুসারীরা শাহজালাল হল এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেয়। বেলা সোয়া ১১টার দিকে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে।  

পরে শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে ৩০ জনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার তিনটি মামলা করে পুলিশ। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংঘর্ষের দিন হলের বারান্দায় দাঁড়িয়ে রামদায় শান দেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে এলে বুধবার চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোফাজ্জল হায়দর হোসাইন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো.মিজানুর রহমান খানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত ২৫ অগাস্ট সোহরাওয়ার্দী হলের কক্ষ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। সে সময়ও পুলিশসহ দুপক্ষের কমপক্ষে সাতজন আহত হন।

পুরনো খবর:

প্রশাসন ও পুলিশকে দুষছে চবি ছাত্রলীগ
বেপরোয়া, বেসামাল চবি ছাত্রলীগ