প্রশাসন ও পুলিশকে দুষছে চবি ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে কোনো অন্তর্কোন্দল নেই দাবি করে সংগঠনটির নেতারা এক দিন আগের সংঘর্ষের জন্য প্রশাসন ও পুলিশকে দায়ী করেছে।
সরকার সমর্থক সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন মঙ্গলবার একসঙ্গে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘তুচ্ছ ঘটনা’ নিয়ে মারামারি বাঁধলে তারা যখন তা থামানোর উদ্যোগ নিচ্ছিলেন,তখন ‘উপাচার্যের নির্দেশে’ পুলিশ দুটি হলে ‘হামলা’ চালায়।
মারামারি থামাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের ‘নিষ্ক্রিয়তা’ ছিল বলেও অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলার মধ্যে সোমবার ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে গিয়ে সংঘর্ষে জড়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
এরপর শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে ৩০ জনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
সংবাদ সম্মেলনে আলমগীর টিপু বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে আমরা যখন সমস্যা সমাধানের চেষ্টা করছিলাম, ঠিক তখনই উপাচার্যের নির্দেশে পুলিশ শাহ আমানত ও শাহজালাল হলে নির্বিচারে গুলিবর্ষণ করে ও টিয়ার শেল মারতে থাকে।”
পুলিশের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে তিনি বলেন, “পুলিশ বাহিনী শুধু মারধরেই সীমাবদ্ধ থাকেনি। তারা ব্যাপক লুটপাটও চালিয়েছে। পুলিশ বিভিন্ন কক্ষে ঢুকে ছাত্র, ভর্তি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মোবাইল, টাকা-পয়সাসহ ১০ লাখ টাকার সম্পদ লুটপাট করে।”
সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলাকালে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির কেউই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা থামানোর চেষ্টা করেননি বলে অভিযোগ করেন সরকার সমর্থক সংগঠনটির এই নেতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার ভর্তি পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে।
১০ নভেম্বরের মধ্যে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান টিপু।
সংঘর্ষের কারণ জানতে সাধারণ সম্পাদক সুজনের সঙ্গে কোনো ‘সমস্যা বা অন্তর্কোন্দল’ নেই বলে দাবি করেন সভাপতি টিপু।
“জুনিয়রদের মধ্যে সামান্য তর্ক থেকে সংঘর্ষ হয়েছে। প্রক্টরিয়াল বডি সক্রিয় হলে সংঘর্ষ এড়ানো যেত।”
২০১৪ সালের ১০ জুন শাটল ট্রেনের বগিভিত্তিক দল ‘কনকর্ড’ ও ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’ এর কর্মীদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২১৯ সদস্যের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি।
এক বছর কমিটিহীন থাকার পর চলতি বছরের ২০ জুলাই টিপুকে সভাপতি ও সুজনকে সাধারণ সম্পাদক করে কমিটি হয়।
কমিটি গঠনের পরপরই সংবাদ সম্মেলন করে একত্রে কাজ করার ঘোষণা দিলেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। সংগঠনের বিভিন্ন কর্মসূচি তারা পালন করে আসছেন আলাদাভাবে।
এর আগে গত ২৫ অগাস্ট সোহরাওয়ার্দী হলের কক্ষ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। সে সময়ও পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হন।
