পোষা কুকুরটিকেও মেরে ফেলল চোরেরা
চোরের দল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চারটি কম্পিউটার, সিসি ক্যামেরা, ল্যাপটপ, স্ক্যানার চুরির পাশাপাশি নথিপত্রও এলোমেলো করেছে।
পোষা কুকুরকে হত্যা করে চট্টগ্রামের একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মঙ্গলবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
চোরের দল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চারটি কম্পিউটার, সিসি ক্যামেরা, ল্যাপটপ, স্ক্যানার চুরির পাশাপাশি নথিপত্রও এলোমেলো করেছে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে অফিসে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারি। আমাদের একটি পোষা কুকুর ছিল সেটিকেও মেরে ফেলেছে। ফাইলপত্র তছনছ করে কার্যালয়ের কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার নিয়ে গেছে।
“ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ছিল। পেছনের সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে চোরের দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। সেখানে পায়ের ছাপ দেখা গেছে। আমার কক্ষের জানালার লোহার শিক ভাঙ্গা।”
ইউপি সচিব রহমত আরও জানান, চোরের দল তার কক্ষের দুইটি কম্পিউটারের সিপিইউর কেসিং বাইরে ফেলে রেখে হার্ডডিস্ক, মাদারবোর্ড, স্ক্যানার, সিসি ক্যামেরা নিয়ে গেছে। টেবিলের ড্রয়ার তছনছ করলেও আলমারি খোলার চেষ্টা করেনি। কিছু ফাইলপত্র বাইরে এলোমেলো করে ফেলে গেছে।
এছাড়া উদ্যোক্তা কক্ষের দরজার তালা কেটে প্রবেশ করে দুইটি ল্যাপটপ ও ওয়াইফাই রাউটারও নিয়ে গেছে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে থানায় এবং নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ইউপি সচিব রহমত।
বোয়ালখালী থানার ওসি আহসাব উদ্দিন বলেন, “অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।”
