খুনের দায়ে চট্টগ্রামে দুজনের যাবজ্জীবন
রায় ঘোষণার সময় হাসান আদালতে ছিলেন। রাজু পলাতক।
চট্টগ্রাম নগরীতে ১৯ বছর আগে এক ব্যক্তিকে হত্যার অপরাধে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এই রায় দেন।
দণ্ডিতরা হলেন- মো হাসান ও আবু বক্কর খান রাজু। হাসান নগরীর আতুরার ডিপো এলাকার আবু ছিদ্দিকের ছেলে। রাজু ঝালকাঠি জেলার নলছিটি থানার বারই এলাকার মো. আসসাফ আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ জানান, কাজল চৌধুরী হত্যা মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় হাসান আদালতে ছিলেন। রাজু পলাতক।
কাজল চৌধুরী সীতাকুণ্ডের এগ্রিকালচার ব্লক সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। অফিস শেষে তিনি প্রতিদিন নগরীর সিরাজদ্দৌলা সড়কের মাছুয়াঝর্ণা এলাকায় ছোট ভাই উজ্জ্বল চৌধুরীর ওষুধের দোকান ‘চৌধুরী ফার্মেসি’তে বসতেন। ২০০৪ সালের ১৩ অগাস্ট রাতে নগরের সিরাজদ্দৌল্লা রোডে ভাড়া বাসার নিচে পৌঁছা মাত্র একটি অটোরিকশা নিয়ে আসা ৪ জন কাজল চৌধুরীর হাতে টাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
ব্যাগে ওষুধ বিক্রির ২৭ হাজার ৩৭০ টাকা ছিল। তখন কাজল চৌধুরীকে বুকে ও বাহুর নিছে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। কাজলকে বাঁচাতে এগিয়ে গেলে ভাই উজ্জ্বল ও নিরাপত্তাকর্মী লতিফকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল চৌধুরী মারা গেলে তার স্ত্রী রত্না চৌধুরী হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ওই বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় দেয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
