৫ হাজার ইয়াবার মামলায় পিকআপ চালক ও সহকারীর যাবজ্জীবন
ইয়াবা উদ্ধারের সময় তারা গ্রেপ্তার হলেও পরে জামিনে গিয়ে পালিয়েছেন।
চট্টগ্রামে তিন বছর আগে ৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় এক পিকআপ চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- মো. তাইজুল ইসলাম তাজু (২৯) ও মো. রাকিব (১৯)। তাদের মধ্যে পিকআপ চালক মো. তাইজুল ইসলামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানায়। আর চালকের সহকারী মো. রাকিবের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানায়।
ইয়াবা উদ্ধারের সময় তারা গ্রেপ্তার হলেও পরে জামিনে গিয়ে পালিয়েছেন বলে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।”
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৪ মার্চ নগরীর কর্ণফুলী থানার টোল প্লাজা এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপের এয়ার ক্লিন পাইপের ভেতরে লুকানো ৫ হাজার ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
তখন ওই পিকআপের চালক তাইজুল এবং তার সহকারী রাকিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সে সময় বলেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো কিনে তারা ঢাকা ও গাজীপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
গোয়েন্দা পুলিশের এসআই শিমুল চন্দ্র দাস সে সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১৯ অগাস্ট অভিযোগপত্র দেয় পুলিশ।
২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে। রাষ্ট্রপক্ষে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।
