ভোট বর্জনের ডাকে সাড়া দেয়নি বিএনপির নেতাকর্মীরাই: হাছান
“আগুন সন্ত্রাস চালিয়ে বিএনপি জনগণের শত্রুতে রূপান্তরিত হয়েছে,” বলেন তিনি।
রাজনীতির ‘ব্যাঙদের' আওয়াজ এখন খুব বড় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “প্রাণীকুলের মধ্যে ব্যাঙ খুব ছোট, কিন্তু তাদের আওয়াজ খুব বড়। রাজনীতির মধ্যেও কিছু ব্যাঙ আছে। কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে, তাদের দেখি আওয়াজ খুব বড়।
“বিএনপির সাথেও এ ধরনের কিছু রাজনীতির ব্যাঙ আছে। এসব ছোট রাজনৈতিক দলগুলোর আওয়াজ খুব বড়। রাজনীতির ব্যাঙদের আওয়াজ এখন খুব বড় হয়ে গেছে।"
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনের এই সংসদ সদস্য নির্বাচনি এলাকার সাবেক ও বর্তমান চেয়ারম্যান-সদস্য, মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, “বিএনপির নির্বাচন বর্জনের হাঁকডাক এখন নির্বাচনি প্রচারণার মধ্যেই ঢাকা পড়ে গেছে। তাদের এই নির্বাচন বর্জনের ডাকে এখন কেউ আর সাড়া দেয় না, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি।
“বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছে, বিএনপির নেতারা বের হয়ে তৃণমূল বিএনপি গঠন করেছে। আমাদের এখানেও তৃণমূল বিএনপির প্রার্থী আছে।"
চট্টগ্রাম-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী বলেন, “আজকে দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামে-গঞ্জে, হাঁটে-মাঠে-ঘাটে সব জায়গায় আজ নির্বাচনের আলোচনা। নির্বাচনের ঝড় এখন সমগ্র বাংলাদেশে শুরু হয়ে গেছে।
“সমগ্র বাংলাদেশে বিএনপির শত শত নেতা আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে, নির্বাচনের সাথে যুক্ত হয়েছে। তাদের নির্বাচন বর্জনের যে ডাক সেটি ভন্ডুল হয়ে গেছে। এখন তারা দেশে আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করার অপচেষ্টা করছে।"
তথ্যমন্ত্রী বলেন, ঢাকায় একটি ট্রেনের মধ্যে ঘুমন্ত অবস্থায় আগুন জ্বালিয়ে চারজন মানুষকে হত্যা করেছে। একজন মা মৃত্যুর মধ্যেও সন্তানকে বুকে আগলে রেখেছে, বুক থেকে অঙ্গার হয়ে যাওয়া সন্তানকে সরানো যাচ্ছে না।
“এই ধরনের বীভৎসতা কোনো রাজনৈতিক দল করতে পারে না, যেটি বিএনপি করছে। পৃথিবীর কোথাও এগুলো ঘটছে না। সুতরাং এই বিএনপির আর জনগণের কাছে আসার কোনো সুযোগ নেই। আমরা আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। আগুন সন্ত্রাস চালিয়ে তারা জনগণের শত্রুতে রূপান্তরিত হয়েছে। এদের নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।"
হাছান মাহমুদ বলেন, গত ১৫টি বছর সব মানুষের জন্য আমার দরজাটি খোলা রেখেছি। কে আমাকে ভোট দিয়েছিল, কিংবা দেয়নি কিংবা ভবিষ্যতে দেবে না তা আমি কখনো ভাবিনি। অন্তত চেষ্টা করি কথা দিয়ে হলেও শান্তি দেওয়ার। এভাবেই সবসময় চেষ্টা করেছি।"
হাছান মাহমুদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, ইফতেখার হোসেন বাবুল, জহির আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুর কুতুবুল আলম, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, এম এ মান্নান চৌধুরী, ফজলুল কবির গিয়াসু, বর্তমান ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, দানু মিয়া।
