২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: চট্টগ্রামে মৃত্যু এক, আক্রান্ত আরো ৬৬ জন

এ বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৭৪৯ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 06:49 PM

Updated : 20 Jul 2023, 06:49 PM

চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন; এ সময় শনাক্ত হয়েছে আরো ৬৬ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান ডেঙ্গু আক্রান্ত এক নারী। তিনি

১০ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২১ হল। এদের মধ্যে ১০ জন শিশু, পুরুষ ছয়জন ও নারী পাঁচজন। ১৩ জনই মারা গেছেন চট্টগ্রাম মেডিকেলে।

সবশেষ একজনসহ চলতি জুলাই মাসে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলো চট্টগ্রাম জেলায়। জুন মাসে মশাবাহিত এই রোগে ছয়জনের মৃত্যু হয়েছিল।

চট্টগ্রামে ২০২২ সালের নভেম্বরে ডেঙ্গুতে একমাসে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৬৬ জন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ১২৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জেলায়।

এ বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৭৪৯ জন। এরমধ্যে ১২৯৮ জনই নগরীর বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ২১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ২০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।