২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙে, তাদের হাতে দেশ ‘অনিরাপদ’: হাছান

বঙ্গবন্ধুর ছবি ও ম্যুরাল ভাংচুরের দায় বিএনপি এড়াতে পারে না বলেন হাছান মাহমুদ

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 01:04 PM

Updated : 18 Jun 2023, 01:04 PM

যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে, তার ছবি ও ম্যুরাল ভাংচুর করে, তাদের হাতে দেশ ‘নিরাপদ নয়’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আমাদের ইতিহাস ঐতিহ্যের ছবি ভাঙে, এখানে থাকা আমাদের মুক্তি আন্দোলনের পুরোধাদের ছবির প্রতি অবমাননা করে, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ছবি ও ম্যুরাল ভাঙে, তারাতো দেশটাই ভেঙে দেবে। তাদের হাতে তো কখনো দেশ নিরাপদ হতে পারে না। এরাই আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে।“

রোববার সকালে চট্টগ্রামের জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্যের ছবি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের কাছে বিএনপির সমালোচনা করে এ কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের এই নেতার অভিযোগ, বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ যাওয়ার সময় বঙ্গবন্ধুর সমস্ত ছবি এবং ম্যু্রাল ভাঙচুর করা হয়েছে, সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনাতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যান্যদের ছবিও ভাঙচুর করা হয়েছে।

গত ১৪ জুন চট্টগ্রাম নগরীতে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ চলার সময় জামাল খান মোড়ে সড়কের পাশে দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর জীবন-কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি ম্যুরাল ভাংচুর হয়।

এই ভাংচুরের জন্য বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রলীগ। ভাংচুরের ঘটনায় ছাত্রদল-যুবদলের মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ইতোমধ্যে মামলাও হয়েছে।

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিএনপিকে ‘মাঠ ছাড়া’ করতে নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার ‘মিথ্যা মামলা’ দিচ্ছে।

সে প্রসঙ্গ ধরে হাছান মাহমুদ বলেন, “এর দায় দলটির নেতারা কোনভাবেই এড়াতে পারে না। যারা তাদের (ভাংচুরকারী) নেতা, যারা তরুণদেরকে এধরনের নৈরাজ্য শিক্ষা দিচ্ছে, এবং এগুলোর নেতৃত্ব দিচ্ছে, তারা দায় এড়াতে পারে না। তাদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।’’

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই ম্যুরাল স্থাপন করেছিলেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। দেশের আর কোথাও রাস্তার পাশে দেয়ালে দেয়ালে এভাবে দেশের মুক্তির ইতিহাস তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

সাংবাদিকদের এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, “জামাততো ওদের সহোদর ভাই,… তারা একই বৃন্তে দুটি ফুল, বিএনপি আর জামায়াত। এটা উনাদের বক্তব্য। এই তারুণ্যের সমাবেশেও ছদ্মাবরণে জামায়াত-শিবির ছিল। তবে মূল দায়টা বিএনপি নেতাদের।“

আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন জামালখান মোড়ে তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

পুরনো খবর

পুরনো খবর:

চট্টগ্রামে বিএনপির সমাবেশের সময় বঙ্গবন্ধুর ‘ম্যুরাল’ ভাংচুর
চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরে ‘জড়িত’ ২৪ জন গ্রেপ্তার
বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরে ছাত্রলীগ-যুবলীগকে দুষছেন ফখরুল