১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রশিক্ষিত ক্যাডেটরা হবেন সমুদ্রে অকুতোভয় কাণ্ডারী: উপদেষ্টা

বঙ্গোপসাগর থেকে মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণসহ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনে তাগিদ দিয়েছেন উপদেষ্টা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 02:54 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

মেরিন ফিশারিজ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ক্যাডেটরা গভীর সমুদ্রে অকুতোভয় কাণ্ডারী হতে চলেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ৪৩তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলছিলেন।

ফরিদা আখতার বলেন, “কঠোর অধ্যবসায় এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান ক্যাডেটদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা, আত্মস্থ করে ক্যাডেটরা ভবিষ্যত কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।” 

প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও প্রশিক্ষণ সুবিধাদির উন্নয়নের মাধ্যমে  একাডেমিকে যুগোপযোগী মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। 

বঙ্গোপসাগর থেকে মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণসহ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনে তাগিদ দিয়েছেন তিনি।

চলতি বছর একাডেমির ৪৩তম ব্যাচে সর্বমোট ১০৬ জন (১২ জন নারী) ক্যাডেট পাসড আউট হয়। 

উপদেষ্টা ফরিদা আখতার সাফল্যের স্বীকৃতিতে ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। 

এ বছর ৪৩তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে মেরিন ফিশারিজ বিভাগের ক্যাডেট মোহাম্মদ আহসান উল আনোয়ার 'বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল' পেয়েছেন।

তিন বিভাগের সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগ থেকে ক্যাডেট মো. রায়হান হোসেন মজুমদার, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ক্যাডেট মো. জোবায়ের আব্দুল্লাহ্ এবং মেরিন ফিশারিজ বিভাগ থেকে ক্যাডেট মোহাম্মদ আহসান উল আনোয়ার ‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক পেয়েছেন

এছাড়াও মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগের ক্যাডেট শারমিন সুলতানা ‘বেস্ট ফিমেইল ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক পেয়েছেন।

মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বিএফডিসি'র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর মো. মনির উদ্দিন মল্লিক, মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর, ন্যশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানসহ আরো অনেকে।