চট্টগ্রাম কাস্টমসে সিপাহি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে ২৩ জন ধরা
মামলা দিয়ে ওই ২৩ জনকে পুলিশে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমসের সিপাহী নিয়োগে জালিয়াতির মাধ্যমে আরেকজনকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর পর মৌখিক পরীক্ষায় এসে ধরা পড়েছেন ২৩ জন।
বুধবার ও সোমবার মৌখিক পরীক্ষায় এ জালিয়াতি ধরা পড়ার পর মোট ২৩ জনকে পুলিশে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
তাদের মধ্যে পাঁচজনকে বুধবার এবং অন্যদের সোমবার গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন।
বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম (৩৪), শামীম আখন্দ (৩০), শামীম প্রধান (৩০), শাহেদ মিয়া (২৮) ও মো. নুরুন্নবী (৩৪)।
এছাড়া সোমবার আটক ১৮ জন হলেন- আবুল বাশার (৩৪), এনামূল হক (৩০), শহীদুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (২৮), আব্দুর রশিদ (৩৭), সবুজ চন্দ্ৰ (৩৫), জয় চন্দ্র দে (২৮), বাবুল মিয়া (৩৩), মোবারক হোসেন (২৭), আক্তারুজ্জামান (৩৬), খলিলুর রহমান (৩১), আরিফুর রহমান (২৮), সুজন সরকার (২৯), নিতোষ চাকমা (৩২), সোহেল রানা (২৮), মো. ইলিয়াছ (৩২), কাজী দেলোয়ার হোসেন (৩৮) এবং মো. মহিউদ্দিন (২৯)।
পরিদর্শক রোজিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাস্টমসে সিপাহি পদে নিয়োগ পরীক্ষায় মূল পরীক্ষার্থীর পরিবর্তে অন্যজন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চট্টগ্রাম কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সাক্ষাৎকারে বুধবার ও সোমবার দুই দিন আলাদা করে মোট ২৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
দণ্ডবিধির ৪১৯, ৪২০, ১০৯ ও ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ আলাদা দুটি মামলা করেছেন। মঙ্গলবার করা মামলায় ১৮ জন এবং বুধবারের মামলায় পাঁচ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
পরিদর্শক রোজিনা জানান, সোমবার আটক ১৮ জনের মধ্যে এক জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অন্য ১৭ জনকে মঙ্গলবার ও বুধবার আটক হওয়া পাঁচ জনের সাথে অসুস্থ ওই নিয়োগপ্রার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ ও ২০১৭ সালে চট্টগ্রাম কাস্টম হাউজের সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু মামলা জটিলতায় পরীক্ষা কার্যক্রম স্থগিত ছিল এতদিন।
পরবর্তীতে গত ১১ থেকে ১৩ ডিসেম্বর শারীরিক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে উর্ত্তীণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ ডিসেম্বর। সোমবার থেকে বুধবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ও শেষ দিন ১৮ জন ও পাঁচ জনকে মোট ২৩ জনকে জালিয়াতির অভিযোগে আটক করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সাক্ষাৎকার দিতে আসা নিয়োগপ্রার্থীদের লিখিত পরীক্ষার খাতার লেখার সাথে প্রার্থীর লেখার মিল আছে কিনা সেগুলো যাচাই করা হয়। পাশাপাশি পরীক্ষার খাতায় লেখা প্রশ্নগুলোর উত্তর জানতে চাওয়া হয়। কিন্তু তারা সেসব উত্তর দিতে পারেনি।
