কর্ণফুলী নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
পরিচয় শনাক্তের জন্য মৃতের আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পিবিআই।
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তিকে খুন করে লাশ নদীতে ফেলা হতে পারে।
মঙ্গলবার নদীর সদরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুমানিক ৪০ বছরের ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি। হাত-পা বাঁধা লাশটির গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।”
ওসি একরামের ধারণা, ওই ব্যক্তিকে অন্তত পাঁচ দিন আগে খুন করে লাশ পানিতে ফেলা হতে পারে।
লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য পিবিআই সদস্যরা তার আঙ্গুলের ছাপ এবং ডিএনএ প্রোফাইলের জন্য নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় সদরঘাট থানায় নৌ পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি একরাম।
