২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জনের মৃত্যু: রেলের ২ তদন্ত কমিটি

দুই কমিটিকেই প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের জিএম জাহাঙ্গীর হোসেন।

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জনের মৃত্যু: রেলের ২ তদন্ত কমিটি

ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী শুক্রবার মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনে ঢোকার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। তখন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 05:25 PM

Updated : 29 Jul 2022, 10:21 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের প্রাণহানির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে পূর্ব রেল।

দুর্ঘটনার পর পরই পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটিকে দ্রুততম সময়ে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরমান হোসেনকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়।

Image

চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বার তাকিয়া স্টেশনে ঢোকার মুখে এ দুর্ঘটনা ঘটে।

পুরানো খবর:

চট্টগ্রামে ট্রেনের পথে মাইক্রোবাস, ১১ জনের মৃত্যু

পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেনকে প্রধান করে চার সদস্যের এবং ডিটিও আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে।”

দুই কমিটিকেই প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনে ঢোকার মুখে ঢাকা থেকে আসা মহানগর প্রভাতী ট্রেনের সাথে খৈয়াছড়া এলাকায় বেড়াতে আসা পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।

মিরসরাইয়ের ইউএনও মিনহাজুর রহমান জানান, হাটহাজারী থেকে আসা ওই মাইক্রোবাসে মোট ১৪ জন ছিলেন, খৈয়াছড়ায় বেড়াতে যাচ্ছিলেন তারা। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা গেছেন।

এছাড়া দুইজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আরোহীদের মধ্যে কেবল একজন অক্ষত আছেন বলে জানান ইউএনও।

দুর্ঘটনার পর রেল কর্মকর্তা আনসার আলী বলেছিলেন, “ট্রেন আসায় গেইটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে।”

এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।মহানগর প্রভাতীর যাত্রীরাও সেখানে আটকে থাকেন।