Published : 06 Jun 2026, 01:05 AM
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিতে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মীর আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
৩৫ বছর বয়সী তানজিদ ডিএসসিসি এলাকায় মশার ওষুধ ছিটানোর কাজ করেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদবাদ পানির পাম্পের সামনে তার বাঁ পায়ে গুলি করা হয়।
রাত সোয়া ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়ার তথ্য দিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তানজিদকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মামুন বলেন, ১০ থেকে ১৫ জন এসে তানজিদকে ঘিরে ধরে। এরমধ্যে একজন তার বাম পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলি করে চলে যায়।
তবে কারা কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে মামুন কিছু বলতে পারেননি তিনি।
পরিদর্শক ফারুক বলেন, “জরুরি বিভাগে ওই যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
গুলিবিদ্ধ তানজিদ থাকেন ওয়ারীর বি কে দাশ লেন এলাকায়। তার বাবার নাম আজগর আলী।