বিদেশফেরত যাত্রীদের গাড়ি থামিয়ে লুট করত তারা
র্যাব বলছে, চক্রটি প্রবাসীদের মালামাল লুটের পাশাপাশি অটোরিকশা ছিনতাইয়ের সাথেও জড়িত।
চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বিমানবন্দর সড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তারের পর র্যাব বলছে, চক্রটি প্রবাসীদের ‘টার্গেট’ করে পাসপোর্টসহ মূল্যবান মালামাল লুট করে পরে টাকার বিনিময়ে ফিরিয়ে দিত।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ইমরান হাসান (২৭), রুবেল (৩১), শফি ওরফে মিজানুর রহমান ওরফে মিজান হাজারী (২৯), জাহাঙ্গীর আলম সোহাগ (২৮), মোয়াজ্জেম হোসেন (৩৪), ইয়াছিন আরাফাত মিনার (২৫), জমির (৪৫), সৈকত (২২), হাবিবুল কিবরিয়া ওরফে আরমান (২২), কিল্টন দে (২৯), কায়সার হামিদ (৩৪)।
র্যাবের ভাষ্য, চক্রটি প্রবাসীদের মালামাল লুটের পাশাপাশি অটোরিকশা ছিনতাইয়ের সাথেও জড়িত।
রোববার র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বাহিনীর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
“প্রবাসীদের টার্গেট করে মালামাল ছিনতাই করতে এ চক্রের সদস্যরা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।”
প্রবাসীদের মালামাল লুটের বিবরণ দিয়ে তিনি বলেন, “এ চক্রের তিন সদস্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এলাকায় অবস্থান করে বিদেশ থেকে আসা যাত্রীদের টার্গেট করে এবং তাদের বহনকারী গাড়ির নম্বর অন্যদের জানিয়ে দেয়। আর তিনজন থাকে সিমেন্ট ক্রসিং এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আছে কি না- সেটির নজরদারি করতে।
“সিমেন্ট ক্রসিং সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি না দেখলে তারা প্রবাসী বহনকারী গাড়ি আটকে সেখানে উঠে যায়। মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি পাসপোর্ট নিয়ে যায়। পরে টেলিফোনে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে ফিরিয়ে দেয়।”
এছাড়া চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে মিরসরাই পর্যন্ত এলাকার নির্জন স্থানেও প্রবাসীদের গাড়ি ডাকাতি করত বলে র্যাবের ভাষ্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, চক্রটি প্রবাসীদের মালামাল লুটের ঘটনা ঘটিয়ে কিছুদিন ওই কাজ থেকে সরে যায়। এ সময় তারা শহরের বাইরে বিভিন্ন গ্রামীণ এলাকায় রাতের বেলা অটোরিকশা ছিনিয়ে নিয়ে সেগুলো চট্টগ্রামে বাইরে অন্য কোনো জেলায় বিক্রি করে দেয়।
র্যাব কর্মকর্তা আবসার বলেন, “রাত ১০টার পর এ চক্রের সদস্যদের মধ্যে পাঁচজন যাত্রীবেশে নতুন সিএনজি অটোরিকশা ভাড়া করে। কয়েক কিলোমিটার দূরে দলের অন্য সদস্যদের অবস্থান থাকে।
“সুযোগ বুঝে চালককে জিম্মি করে অটোরিকশাটি নিয়ে যায়। পরে কভার্ড ভ্যান ভাড়া করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় ৮০ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি করে।”
র্যাব কর্মকর্তাদের ভাষ্য, এ চক্রের সদস্যরা চট্টগ্রাম শহরে আসা বিভিন্ন মাছবাহী পিকাপ, ট্রাক থেকেও ডাকাতি করে। বায়েজিদ লিঙ্ক রোডে অবস্থান নিয়ে এ ধরনের ডাকাতি তারা করে থাকে।
এ চক্রের বেশির ভাগ সদস্যের বিরুদ্ধে আগের বিভিন্ন মামলা আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
