চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সেই ‘মেজর’ ইকবাল গ্রেপ্তার
প্রাথমিক ভাবে তার বিরুদ্ধে ছয়টি খুনসহ ১১টি মামলা পাওয়া গেছে, বলেছে পুলিশ।
চট্টগ্রামের রাউজানে তিন যুগ আগে জোড়ার খুনের পর আলোচনায় আসা সেই ‘মেজর’ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।
রাউজান উপজেলার সুলতানপুর গ্রাম থেকে সোমবার তাকে গ্রেপ্তারের কথা বলেছে পুলিশ।
গ্রেপ্তার ইকবাল হোসেন চৌধুরী (৫২), চট্টগ্রামে ‘মেজর’ ইকবাল নামে পরিচিত।
১৯৮৯ সালে চট্টগ্রামের রাউজানে উত্তর জেলা ছাত্রলীগ নেতা ফখরুদ্দীন মো. বাবর ও রাউজান কলেজ ছাত্র সংসদের ভিপি মজিবুর রহমান খুনের পর আলোচনায় আসেন তিনি।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ইকবালকে রাউজান পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ছয়টি খুনসহ ১১টি মামলা পাওয়া গেছে।
“তবে তার ভাষ্যমতে রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া উপজেলায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪০টি মামলা আছে।”
ওসি মনিরুল বলেন, ইকবাল চট্টগ্রামের চাঞ্চল্যকর বাবর, ভিপি মুজিব, শ্যামল, আমান হত্যা মামলার আসামি। পরোয়ানা থাকায় থাকায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, ইকবাল ছিলেন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিমের ‘ক্যাডার বাহিনীর’ অন্যতম সদস্য। নব্বাইয়ের দশকে রাউজানে আলোচিত দুই ভাই টিটু-মিঠু হত্যাকাণ্ড, ছাত্রলীগ নেতা ইকবাল, জামিল, ফটিকছড়ির শ্যামল-আমান হত্যাকাণ্ডে তার নাম আসে।
দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে বিদেশে চলে যান ইকবাল। কয়েক বছর পর ফিরে এসে পুনরায় ফজলে করিমের হয়ে কাজ করতেন।
তবে গেল বছরের ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ইকবালকে রাউজানের এক বিএনপির নেতার সঙ্গে দেখা যেত।
এলাকায় প্রচার আছে, ফজলে করিমের অনুসারী অনেক ‘সন্ত্রাসী’ বিএনপির দুই নেতার হয়ে এখন এলাকায় ঘুরে বেড়ান।
সাম্প্রতিক সময়ে রাউজানে কয়েক হত্যাকাণ্ড ঘটেছে। তদন্তে নেমে পুলিশ বলছে, সেখানে ছয়টি গ্রুপ ‘টার্গেট কিলিং’ এর মত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
আরও পড়ুন:
