১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গল ছলিমপুরের ‘নিয়ন্ত্রক’ ইয়াছিনের তিন ভাগনেসহ ৬ জন গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন, বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:00 PM

Updated : 18 Nov 2026, 09:00 PM

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরের ‘অধরা নিয়ন্ত্রক’ ইয়াছিনের প্রধান সহযোগী ও তিন ভাগনেসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচলাইশ, বায়েজিদ ও হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তারের কথা পুলিশ জানিয়েছে।

ওই ছয়জন হলেন- ‘নিয়ন্ত্রক’ ইয়াছিনের সেকেন্ড ইন কমান্ড আব্দুর শুক্কুর, মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, মো. পারভেজ মোশারফ, ইয়াছিনের ভাগনে মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

“এছাড়া ‘আলীনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেইসবুক পেইজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেইজ ব্যবহার করে পুলিশ, বিজিবি ও এসআরবিসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও উসকানিমূলক তথ্য প্রচারের তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।

প্রাথমিক অনুসন্ধানের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আব্দুর শুক্কুর ইয়াছিনের ‘সেকেন্ড ইন কমান্ড’ জঙ্গল ছলিমপুরে অবৈধভাবে জমি বিক্রি, বণ্টন ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন কাজ করতেন। মেহেদী ও সাকিবুল দুই ভাই। তারা ইয়াছিনের বোনের ছেলে এবং ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেইসবুক পেইজের অ্যাডমিন। এছাড়া আনোয়ার তার (ইয়াসিন) অপর এক বোনের ছেলে। তিনিও বিভিন্ন ভুয়া আইডি ব্যবহারের মাধ্যমে প্রচার চালান।

পুলিশ বলছে, ছয়জনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন ধরনের ৩৯টি ফেইসবুক আইডি ও পেইজের সন্ধান পাওয়া গেছে। যেগুলো ব্যবহার করে তারা সরকারি বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের উসকানি দেন।

জঙ্গল ছলিমপুরকে বলা হত রাষ্ট্রের ভেতর আলাদা আরেক রাষ্ট্র। দখলদারদের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সাহস করতেন না।

২০২২ সালে এই খাস জমি দখলমুক্ত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু উচ্ছেদ অভিযানে গিয়ে বারে বারে বাধার মুখে পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

এ বছরের ১৯ জানুয়ারি র‌্যাবের একটি দল কয়েকটি মাইক্রোবাসে করে সেখানে অভিযানে যায়। সেখানে ‘মাইকে ঘোষণা’ দিয়ে র‌্যাব সদস্যদের ঘিরে তিনজনকে আটকে ফেলে স্থানীয়রা। তাদের পিটুনিতে নিহত হন র‌্যাবের উপ-সহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া।

এরপর গত ৯ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর ৩ হাজার ১৮৩ সদস্যকে নিয়ে সেখানে অভিযানে যায় স্থানীয় প্রশাসন। তাদের মধ্যে সেনাবাহিনীর ৪৮৭, বিজিবি ১২২ জন, র‌্যাবের ৩৭১ জন সদস্য ছিলেন। তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, ডগ স্কোয়াড, ১২টি ড্রোন ব্যবহার করা হয় অভিযানে।

অভিযানে বেশ কয়েকজনকে ধরা হলেও ইয়াছিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

এরপর ২৪ মে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। ২৭ জুলাই যৌথ বাহিনীর ক্যাম্পে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

পুরনো খবর:

জঙ্গল ছলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ‘নিজের চোখে আজরাইল দেখছি’
জঙ্গল ছলিমপুরে অভিযানের এক মাস: এখনও ভয়, উৎকণ্ঠা
জঙ্গল ছলিমপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ‘গোলাগুলি’