১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শোক সভায় নোমানকে স্মরণ

”দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর চট্টগ্রাম বিভাগে বিএনপিকে সংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন,” বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক।

শোক সভায় নোমানকে স্মরণ
চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের শোক সভায় বক্তব্য রাখেন তার ছেলে সাঈদ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 10:42 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

প্রয়াত বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান কর্মী ও নেতা সৃষ্টির কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আকবর খোন্দকার। 

শনিবার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

শ্রমিক দল আয়োজিত সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর বলেন, “আবদুল্লাহ আল নোমান কিংবদন্তী রাজনীতিবিদ ছিলেন। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর চট্টগ্রাম বিভাগে বিএনপিকে সংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। চট্টগ্রাম বিএনপি তার হাতে গড়া সংগঠন এবং তিনি ছিলেন আমাদের সকলের নেতা।

”তিনি আজন্ম মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

সভায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আবদুল্লাহ আল নোমান শুধু চট্টগ্রামের নেতা নন। তিনি ছিলেন জাতীয় নেতা। সারাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দলকে শক্তিশালী ও সংগঠিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।” 

নোমানের ছেলে সাঈদ আল নোমান বলেন, “আমার বাবা ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন ও উদারপন্থি রাজনীতিবিদ। তিনি মনে করতেন ব্যক্তির চেয়ে দল বড় এবং এই নীতিকে তিনি ব্যক্তি জীবনে ধারণ করেছেন। তিনি বিএনপি এবং শ্রমিকদলকে সংগঠিত ও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করেছেন।”

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহশ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিয়া, বিএনপি নেতা জাহাংগীর আলম, একরামুল করিম, এম এ সবুর, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল বক্তব্য দেন।