০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আফগান লিগে ক্রিকেটারদের অনুমতির ব্যাপারটি ‘অতি সতর্কতায়’ বিবেচনা করবে ইসিবি

তালেবান সরকারের নারী নীতি এবং নারীদের নানাভাবে দমন-পীড়ন ও নির্যাতনের কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 11:01 AM

Updated : 08 Oct 2026, 11:01 AM

আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি এখনও ঝুলছে অনিশ্চয়তায় সুতোয়। কিন্তু প্রস্তাবিত সেই লিগ ঘিরে মৃদু আলোড়ন চলছে ইংলিশ ক্রিকেটে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন যে, এই লিগে খেলার জন্য ইংলিশ ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার আগে ‘অতি সতর্কতায়’ বিবেচনা করবে তার বোর্ড।

তালেবান সরকারের নারী নীতি এবং নারীদের নানাভাবে দমন-পীড়ন ও নির্যাতনের কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ইংল্যান্ড। তবে আফগান লিগের জন্য ক্রিকেটাদের অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করছে ইসিবি।

এই খবরটি ইংল্যান্ডে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এই লিগে যোগ দেওয়ার “পরিণতি সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা” করার কথা বলেন লেবার পার্টির সংসদ সদস্য টোনিয়া আন্তোনিয়াস্সি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করার জন্য ইংল্যান্ডের প্রতি আহ্বান জানিয়ে উচ্চকিত ছিলেন তিনি।

লর্ডসে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় থম্পসন ইসিবির অবস্থান থেকে আংশিকভাবে সরে এসেছেন বলে মনে হয়েছে, যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বোর্ড বেআইনিভাবে ক্রিকেটারদের চলাচলে বাধা দেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে।

অনাপত্তি প্রদানের ক্ষেত্রে ইসিবির সাধারণ দৃষ্টিভঙ্গি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে থম্পসন বলেন, “শেষ পর্যন্ত, বাণিজ্য নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের আইন খুবই স্পষ্ট। উপযুক্ত কারণ ছাড়া আপনি কাউকে কোথাও কাজ করা থেকে বিরত রাখতে পারেন না।”

আফগান লিগের অনাপত্তি প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট করে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় এবং এই ধরনের প্রস্তাব এখনও আমাদের কাছে আসেনি। তবে যখন আসবে, তখন আমাদের বিষয়টি অতি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে।”

এপিএল সম্প্রতি জানিয়েছে যে, টুর্নামেন্টের ড্রাফটে ১২ জন ইংলিশ ক্রিকেটার নাম লিখিয়েছেন। আগের তারিখ থেকে পিছিয়ে আগামী ২৪ অক্টোবর ড্রাফটের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম আসরটি হওয়ার কথা আগামী ২৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি।

তবে ক্রিকইনফো জানতে পেরেছে যে, পরিকল্পনা অনুযায়ী লিগটি আয়োজনের পথে এখনও অনেক কিছুই করা বাকি আছে। এখনও পর্যন্ত খুবই সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে। তবে জানা গেছে, পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে মাত্র তিনটির কর্ণধারের নাম ঘোষণা করা হয়েছে। বাকি দুটির ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেছেন, লিগটির ভবিষ্যৎ ‘অনিশ্চিত’ এবং জানিয়েছে যে, টুর্নামেন্টের আগে ফ্র্যাঞ্চাইজির ক্রেতা খুঁজে পাওয়াই প্রধান বাধা।