সিলেটের আঁধার কাটানোর আশা মাশরাফির
বিপিএলে সিলেট দলের সর্বোচ্চ সাফল্য স্রেফ একবার সেরা চারে খেলা।
বছর বছর সিলেটের মালিকানা বদলায়, বদলে যায় দলের নাম, খেলোয়াড়। বদলায় না শুধু পরিণতি। বিপিএল মানেই সিলেট দলের ব্যর্থতা- এটি যেন পরিণত হয়েছে একপ্রকার অলিখিত নিয়মে। এবার সেই দলের নেতৃত্ব দেবেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠের খেলা শুরুর আগে তার কণ্ঠে সিলেটের ভাগ্য বদলানোর প্রত্যয়।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে বিপিএলের নবম আসরের খেলা। দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের আগের আট আসরের মধ্যে সাতটিতে খেলেছে সিলেট। এই সাত আসরে ভিন্ন পাঁচ মালিকানায় পাঁচ নামে খেলেছে সিলেট। এর মধ্যে তাদের সর্বোচ্চ সাফল্য দ্বিতীয় আসরের সেরা চারে খেলা। বাকি ছয় আসরে প্রথম পর্বেই শেষ সিলেটের দৌড়।
এবার প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বিপিএলের সর্বোচ্চ চারবারের শিরোপা জেতা অধিনায়ক মাশরাফিকে দলভুক্ত করেছে সিলেট স্ট্রাইকার্স। বিগত আসরগুলোতে দল হিসেবে সিলেট যতটা ব্যর্থ, অধিনায়ক মাশরাফি ততটাই সফল।
প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ট্রফিতে চুমু আঁকেন মাশরাফি। ২০১৫ সালে তুলনামূলক দুর্বল দল নিয়ে অধিনায়কত্বের নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেন তিনি। সবশেষ ২০১৭ সালের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে আরও একবার সর্বোচ্চ সাফল্য পান মাশরাফি।
এবার সিলেটের হয়েও ভালো কিছু করার আশা মাশরাফির।
“(এবার কী হবে) বলা কঠিন। তবে দলটি খুব গোছালো মনে হচ্ছে। যারা কোচিং স্টাফে আছে, ক্রিকেটার সবার ভেতরে মেলবন্ধনও ভালো। তবে দিন শেষে মাঠে ভালো খেলতে হবে। আমরা আশা করছি এই বছর ভালো কিছু করতে।”
“সব দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমরাও এর ব্যতিক্রম কিছু নই। এটা তো আর বলে কয়ে হবে না। মাঠে ভালো খেলতে হবে। একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। প্রথম ম্যাচে যদি ভালো করতে পারি... এটা তো মোমেন্টামের খেলা। শেষের দিকে না তাকিয়ে আমরা শুরু থেকে ভালো করার চেষ্টা করব।”
বিপিএলে এবার কোচিং প্যানেলে দেশিদের আধিক্য লক্ষণীয়। সাত দলের পাঁচটিতেই প্রধান কোচ বাংলাদেশি। এর মধ্যে সিলেট দলের পুরো কোচিং প্যানেলই সাজানো হয়েছে দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে।
প্রধান কোচ হিসেবে রয়েছেন রাজিন সালেহ। এছাড়া সহকারী কোচ নাজমুল হোসেন, ব্যাটিং কোচ তুষার ইমরান, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, স্পিন বোলিং কোচ মুরাদ খান ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ডলার মাহমুদ।
এই বিষয়ে মাশরাফি জানিয়েছেন, দল গড়ার সময় শুরু থেকেই স্থানীয় কোচদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল সিলেটের।
“আমাদের একটা বিষয় ছিল যে স্থানীয় কোচদের সামনে নিয়ে আসা। ফ্র্যাঞ্চাইজিকে এই কথা বলেছিলাম। এটা তো আসলে দেড় মাসের খেলা। পৃথিবীর সেরা কোচ এনেও আপনি কোনো ক্রিকেটারকে অভাবনীয় কিছু শেখাতে পারবেন না। আমাদের স্থানীয় কোচদের জন্য এটা বড় সুযোগ। এখানে বিদেশি-দেশি ক্রিকেটার মিলিয়েই থাকে। তারা (কোচ) তারা যেন ওই অভিজ্ঞতা নিতে পারে।”
মাশরাফির মতে, বিপিএলের মতো বড় টুর্নামেন্টে সুযোগ পেলে দেশি কোচরাও নিজেদের সমৃদ্ধ করতে পারবেন। যা পরবর্তীতে কাজে লাগবে।
“ক্রিকেটার তখনই তৈরি হবে, যখন কোচও তৈরি হবে। আপনি যখন একটা জিনিস শেখাবেন, সেটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী ভালো হবে না। যারা স্থানীয় কোচরা আছে, বিশেষ করে আমাদের দলের, আমি মনে করি এটি ইতিবাচকভাবে নেওয়ার খুব ভালো সুযোগ। আমি মনে করি এটি নিয়েছেও তারা। তারা চ্যালেঞ্জটার সম্মুখীন হয়েছে। আমি নিশ্চিত এই দেড় মাসে তারা অনেক অভিজ্ঞতা জমা করতে পারবে।”
দল কিংবা কোচিং প্যানেলের বাইরে মাশরাফির নিজের খেলা নিয়েও ভাবনার জায়গা রয়েছে অনেক। গত বছর এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি। বিপিএলের আগেও দলের সঙ্গে অনুশীলন করেছেন স্রেফ দুইটি সেশন।
তাই মাশরাফি নিজেও শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি নিজের ব্যাপারে।
“(মাশরাফি কতটা তৈরি) বলা কঠিন। লম্বা সময় কোনো ম্যাচও খেলিনি। যার মানে ম্যাচ খেলেই তৈরি হতে হবে। তবে মানসিক দিক থেকে ঠিক আছি। কিন্তু এমন তো না যে মানসিকভাবে ঠিক থাকলে স্কিলও ঠিক থাকবে। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা।”
