২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত দলে ফিরলেন বুমরাহ

সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকা এই পেসারকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

Published : 03 Jan 2023, 05:02 PM

Updated : 03 Jan 2023, 05:02 PM

পিঠের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। এই ফাস্ট বোলারকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করেছে ভারত। 

পিঠের চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছিল বুমরাহকে। গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নতুন করে মাথাচাড়া দেয় এই চোট। তখন থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য গত ২৭ ডিসেম্বর দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। তবে বুমরাহকে খুব দ্রুতই দলে ফেরানোর ব্যাপারে তখন সতর্ক ছিলেন নির্বাচকরা। এক সপ্তাহ পর মঙ্গলবার ২৯ বছর বয়সী পেসারকে ওয়ানডে দলে যোগ করার কথা বিবৃতিতে জানায় বোর্ড। 

“পেসারের (বুমরাহ) পুনর্বাসন শেষ হয়েছে এবং এনসিএ তাকে ফিট ঘোষণা করেছে। তিনি শিগগিরই ভারতের ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।” 

শ্রীলঙ্কার বিপক্ষে ভারত তিনটি ওয়ানডে খেলবে আগামী ১০, ১২ ও ১৫ জানুয়ারি। তার আগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

ভারত ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ।