যে কারণে ফাইনালে শেষ ওভারের আগে বোলিং করেনি মাশরাফি
ফাইনালের পর সিলেট অধিনায়ক জানালেন, বোলিং করার মতো অবস্থায় ছিলেন না তিনি।
ফাইনালে শুরুর দিকে বল করতে দেখা গেল না মাশরাফি বিন মুর্তজাকে। বোলিংয়ে এলেন না পরের দিকেও। এমনকি ম্যাচ যখন একটু একটু ফসকে যাচ্ছিল, তখনও আক্রমণে আসেননি সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। বোলিংয়ে এলে তিনি একদম শেষ ওভারে, তার দলের হার যখন কেবল আনুষ্ঠানিকতা। কৌতূহল জাগানিয়া সেই ব্যাপারটির কারণ জানালেন তিনি ম্যাচের পর।
সিলেটের হয়ে এ দিন ৪ ওভার বোলিং করে ৫০ রান দেন তরুণ পেসার তানজিমন হাসান সাকিব। অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের ৪ ওভারে আসে ৩৯ রান। ৪ ওভারে কুমিল্লার যখন প্রয়োজন ৫২ রান, রুবেলের এক ওভারে ২৩ রান নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুমিল্লা।
শুরুর দিকে কুমিল্লা দুটি উইকেট হারালেও পরে লিটন দাস ও জনসন চার্লস গড়েন ৭০ রানের জুটি। পরে ৪০ বলে ৭২ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন চার্লস ও মইন আলি। এই দুই জুটি গড়ে ওঠার সময় বোলিংয়ে দেখা যায়নি মাশরাফিকে।
পরে শেষ ওভারে যখন প্রয়োজন ৩ রান, তখন আনুষ্ঠানিকতা সারতে আসেন মাশরাফি। বোলিং করেন ছোট্ট কয়েক পদক্ষেপে।
ফাইনালের পর সংবাদ সম্মেলনে সিলেট অধিনায়ক জানালেন, চোটের কারণে বোলিং করার মতো অবস্থায় তিনি ছিলেন না।
“আগের দিন ২ ওভার করার পর আরেকটি ওভার খুব প্রয়োজন ছিল বলে করতে এসেছি। তবে ২ ওভার করার পরই বুঝতে পারছিলাম, ইনজুরির চান্স আছে। তবু দলের প্রয়োজনে এসেছিলাম (বোলিংয়ে)। কিন্তু গুরুত্বপূর্ণ দিনেই ইনজুরি (হয়ে গেল)।”
“আজকে উইকেট স্টিকি ছিল কখনও কখনও। হয়তো বোলিং করতে পারলে… ভালো-খারাপের কথা তো বলা যায় না, তবে সুবিধা হতো আর কী।”
এবার টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ বোলিং করছিলেন মাশরাফি। এক পর্যায়ে উইকেট শিকারির তালিকার শীর্ষেও ছিলেন অনেকটা সময় ধরে। তবে পরে চোটের কারণে আর বোলিং করতে পারেননি নিয়মিত। দু-এক ওভার করে কোনো রকমে চালিয়েছেন, এক ম্যাচে বোলিং-ব্যাটিং কিছুই করেননি।
ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অবশ্য তিন ওভার বোলিং করেন। প্রথম দুই ওভারে ২০ রান দিলেও শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিংয়ে ওভারে স্রেফ ৪ রান দেন। তবে ওই ওভারটিই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে গেল, বোলিং করতে পারলেন না ফাইনালে।
টুর্নামেন্টের লিগ পর্যায়ে শীর্ষে থাকা মাশরাফির দল শেষ পর্যন্ত ফাইনালে হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে।
