২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমামের ৯৬, সোধির ৬ উইকেট আর নাটকীয়তার পর পাকিস্তানের রক্ষা

অষ্টম উইকেটে শাকিল ও ওয়াসিম  জুটির দৃঢ়তায় ম্যাচ বাঁচাতে পারল পাকিস্তান।

ইমামের ৯৬, সোধির ৬ উইকেট আর নাটকীয়তার পর পাকিস্তানের রক্ষা

আরও একটি উইকেট, ইশ সোধিকে ঘিরে কিউইদের উদযাপন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 08:02 PM

Updated : 30 Dec 2022, 08:15 PM

ইশ সোধির গুগলিটা বুঝতেই পারলেন না ইমাম-উল-হক। ক্রিজ ছেড়ে বেরিয়েই বিভ্রান্ত হলেন। ৯৬ রানে স্টাম্পড। হতাশায় তিনি ব্যাটে ভর দিয়ে নুইয়ে পড়লেন। ড্রেসিং রুমে ফেরার পথে ব্যাট দিয়ে সজোরে মেরে বসলেন গ্যালারির এক চেয়ারে। পরে ব্যাটও ছুড়ে ফেললেন। নিজের মাইফলক হাতছাড়ার ব্যাপার তো ছিলই, আউট হয়ে দলকেও যে তিনি ঠেলে দিলেন গভীর সঙ্কটে!

পাকিস্তান তখন এগিয়ে মোটে ৩২ রানে, কিন্তু উইকেট বাকি স্রেফ ৩টি। দিনের খেলার তখনও বাকি ৪৯ ওভারের বেশি! শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আরেকপ্রান্তে থাকা সাউদ শাকিল রানের খাতাই খোলেননি। ইমামকে ফিরিয়ে ততক্ষণে ৫ উইকেট পূর্ণ হয়ে গেছে সোধির, জয়ের সুবাসে উজ্জীবিত নিউ জিল্যান্ড।

সেই হারের মুখ থেকেই পাকিস্তানকে উদ্ধার করলেন সাউদ শাকিল ও মোহাম্মদ ওয়াসিম। অষ্টম উইকেটে দুজনে গড়লেন ম্যাচ বাঁচানো ৭১ রানের জুটি। দলকে নিরাপদ ঠিকানায় নিয়ে ফিফটি করে অপরাজিত রইলেন শাকিল। উত্তেজনার নানা মোড় পেরিয়ে শেষ পর্যন্ত ড্র হলো করাচি টেস্ট।

চার বছর পর টেস্ট খেলতে নেমে ইনিংসে ৬ উইকেট নিলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না সোধি।

পাকিস্তান যদিও ১৫ ওভারে ১৩৮ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ছেড়ে দিয়ে আবার ব্যাট করতে পারায় নিউ জিল্যান্ডকে। তবে আলোকস্বল্পতার কারণে অতগুলো ওভার যে হবে না, তা জানাই ছিল। শেষ পর্যন্ত খেলা হয় মোটে ৭.৩ ওভার, কিউরা তোলে ৬১ রান।

পরাজয়ের শঙ্কা নিয়েই শুক্রবার শেষ দিন শুরু করে পাকিস্তান। দিনের শুরুতে সেই শঙ্কা ঘনীভূত হয় আরও। নাইটওয়াচম্যান নুমান আলির দ্রুত বিদায়ের পর সোধি দুর্দান্ত এক গুগলিতে ফিরিয়ে দেন বাবর আজমকে। প্রথম ইনিংসে ১৬১ রান করা পাকিস্তানি অধিনায়ক দ্বিতীয় ইনিংসে করতে পারেন স্রেফ ১৪।

তবে ইমাম দারুণ ব্যাটিংয়ে ভরসা জোগান দলকে। ফেরার টেস্ট রাঙানোর প্রতিজ্ঞা নিয়ে নামা সরফরাজ আহমেদও পাল্টা আক্রমণে কিছুটা এলোমেলো করে দেন কিউই বোলিং। লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান।

৯২ বলে ফিফটি করে একপ্রান্ত আগলে রাখেন ইমাম। সরফরাজ ফিফটি করেন ৭ চারে ৭৫ বলে।

৮৫ রানের এই জুটি ভাঙে লাঞ্চের পরপরই। সোধির বলটি ছিল নীরিহ। অফ স্টাম্পের বাইরে পিচ করে আরও অনেকটা বেরিয়ে যাওয়া বলে অযথাই আলগা শটে ব্যাটের স্পর্শ লাগিয়ে দেন সরফরাজ।

Image

সকালে জোড়া ধাক্কার পর ইমাম ও সরফরাজের জুটিতে প্রতিরোধ গড়ে পাকিস্তান।

আউটের ধরন ভালো না হলেও প্রায় চার বছর পর টেস্ট খেলতে নেমে ৩৫ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান ৮৬ ও ৫৩ রানের ইনিংস খেলে প্রমাণ করলেন তাকে দলে ফেরানোর যৌক্তিকতা।

তখনও পাকিস্তানের বিপদ টের পাওয়া যায়নি। কিন্তু একটু পর সোধি টানা দুই ওভারে ফেরান আঘা সালমান ও ইমামকে।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সালমানকে (৬) বোল্ড করেন তিনি ব্যাট-প্যাডের ফাঁক গলে। এরপর শতরানের দুয়ারে থাকা ইমামকে ফেরান ওই গুগলিতে। ১০ চার ও ১ ছয়ে ২০৬ বলে ৯৬ রানে ফেরেন এই ওপেনার। টেস্টে প্রথমবার তিনি কাটা পড়লেন নব্বইয়ে।

১৮ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পান সোধি।

পাকিস্তানের পরাজয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু শাকিল ও ওয়াসিম জুটি তাদের বাঁচিয়ে দেয়। শুধু উইকেট আগলে রাখাই নয়, শুরুতে একটু সতর্কতার পর একের পর এক বাউন্ডারিও আদায় করেন দুজন।

৭১ রানের এই জুটিও ভাঙেন সোধি। তার ফ্লিপারে এলবিডব্লিউ হন ৫ চার ও ১ ছক্কায় ৪৩ রান করা ওয়াসিম।

পাকিস্তান তখনও পুরোপুরি বিপদমুক্ত নয়। কিন্তু হামজাকে নিয়ে আরও ১৩ ওভারের বেশি উইকেটে কাটিয়ে দেন শাকিল। এজাজ প্যাটেলের টানা দুই বলে চার ও ছক্কায় শাকিল ফিফটি স্পর্শ করেন ৯১ বলে। এরপরই অনেকটা আচমকা ইনিংস ঘোষণা করে দেন বাবর আজম।

৫৫ রানে অপরাজিত থাকেন শাকিল, তার চার টেস্টের ক্যারিয়ারে পঞ্চম ফিফটি। পেসার হামজা ৩৪ বল খেলে অপরাজিত থাকেন ৩ রানে।

১৫ ওভারে নিউ জিল্যান্ডের লক্ষ্য ১৩৮, সাদা চোখে রোমাঞ্চের উপাদান মজুত থাকলেও আদতে আলো কমে আসছিল তখনই।

Image

সাউদ শাকিলের ফিফটি বিপর্যয় থেকে রক্ষা করে পাকিস্তানকে। 

দ্রুত রান তোলার জন্য তবু মাইকেল ব্রেসওয়েলকে ওপেনিংয়ে পাঠায় নিউ জিল্যান্ড। তিনিই প্রথম ওভারে বোল্ড হয়ে যান আবরার আহমেদের লেগ স্পিনে। তবে ডেভন কনওয়ে ও টম ল্যাথাম দ্রুত রান তোলার অভিযান চালিয়ে যান। ৭.৩ ওভার পরই অবশ্য লাইট মিটার দেখে ম্যাচের ইতি টেনে দেন আম্পায়াররা। ল্যাথাম তখন ২৪ বলে ৩৫ রানে অপরাজিত।

ডাবল সেঞ্চুরির জন্য ম্যান অব দা ম্যাচের পুরস্কার জেতেন কেন উইলিয়ামসন। এই মাঠেই পরের টেস্ট সোমবার থেকে।

পাকিস্তান ১ম ইনিংস: ৪৩৮

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৬১২/৯ (ডি.)

পাকিস্তান ২য় ইনিংস: (আগের দিন ৭৭/২) ১০৪ ওভারে ৩১১/৮ (ডি.) (শফিক ১৭, ইমাম ৯৬, মাসুদ ১০, নুমান ৪, বাবর ১৪, সরফরাজ ৫৩, সালমান ৬, শাকিল ৫৫*, ওয়াসিম ৪৩, হামজা ৩*; সাউদি ১৫-৫-৩৯-০, এজাজ ২৪-২-৮৯-০, ব্রেসওয়েল ২৫-৫-৮২-২, সোধি ৩৭-১১-৮৬-৬, ওয়্যাগনার ৩-০-৭-০)।

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৮) ৭.৩ ওভারে ৬১/১ (ব্রেসওয়েল ৩, কনওয়ে ১৮*, ল্যাথাম ৩৫*; আবরার ৩-০-২৩-১, সালমান ২-০-১৪-০, ওয়াসিম ১.৩-০-১৫-০, হামজা ১-০-৪-০)। 

ফল: ম্যাচ ড্র।

সিরিজ: ২ ম্যাচ সিরিজের একটি শেষ ০-০ সমতা।

ম্যান অব দা ম্যাচ: কেন উইলিয়ামসন।