২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাটিংয়ে এখনও মাহমুদউল্লাহর দেওয়ার আছে, তবে...’

মাহমুদউল্লাহর ব্যাটিং-ফিল্ডিংয়ে বয়সের ছাপ দেখা যায় স্পষ্ট। তবে এখনও অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী নাজমুল আবেদিন ফাহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:57 PM

Updated : 12 Feb 2023, 08:57 PM

ব্যাট হাতে এবারের বিপিএল ভালো যায়নি মাহমুদউল্লাহর। ফরচুন বরিশালের হয়ে সবগুলো ম্যাচ খেললেও একটি ম্যাচেও পঞ্চাশ ছুঁতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান। ফিল্ডিংয়ের পাশাপাশি তার ব্যাটিংয়েও বোঝা যায় বয়সের ছাপ। তবে এখনও তার অনেক কিছু দেওয়ার আছে মনে করেন বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন।  

রংপুর রাইডার্সের কাছে এলিমিনেটর ম্যাচ হেরে বিপিএল শেষ হয়েছে বরিশালের। ১৩ ম্যাচে স্রেফ ২০.৮০ গড়ে ২০৮ রান করেছেন মাহমুদউল্লাহ। তবে স্ট্রাইক রেট ছিল তুলনামূলক ভালো, ১৩৭.৭৪। ১৯টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন ৯টি।  

শুরুর দিকের ম্যাচগুলিতে নিচের দিকে ব্যাটিং করলেও শেষ তিন ম্যাচে মাহমুদউল্লাহকে টপ-অর্ডারে নামায় বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনে নেমে ২৬ বলে করেন ৩৬ রান। খুলনা টাইগার্সের সঙ্গে ওপেনিং করে আউট হন ৯ বলে ৯ রান করে।  

বাঁচা-মরার ম্যাচে রংপুরের বিপক্ষে তিন নম্বরে নামানো হয় তাকে। এদিন দারুণ শুরুর পরও ২১ বলে ৩৪ রানে থামে মাহমুদউল্লাহর ইনিংস। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মিলে দারুণ ভিত গড়ে ফেলেছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। সেখান থেকে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার চাওয়া ছিল দলের। 

কিন্তু সেই প্রত্যাশা মেটাতে পারেননি মাহমুদউল্লাহ। দাসুন শানাকার বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন তিনি। তখনও বাকি ছিল ইনিংসের ৬.৩ ওভার। ওই অবস্থায় অভিজ্ঞ ব্যাটসম্যানের এমন আউটে হতাশ বরিশালের প্রধান কোচ।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল আবেদিন জানিয়েছেন, ম্যাচের ওই পরিস্থিতিতে মাহমুদউল্লাহর কাঁধেই ছিল বরিশালকে নিরাপদ সংগ্রহে পৌঁছে দেওয়ার দায়িত্ব। এটি নিয়ে হতাশা থাকলেও, এখনই মাহমুদউল্লাহর শেষ দেখছেন না নাজমুল আবেদিন।

“(মাহমুদউল্লাহর) সময় শেষ কি না, তা বলার সুযোগ নেই। আমি উপযুক্ত কেউ নই তা বলার জন্য, ও নিজেই সবচেয়ে ভালো জানে। ওর মধ্যে এখনও যথেষ্ট আগ্রহ আছে, যথেষ্ট পরিশ্রম করে।”  

“আজকে যেটা হয়েছিল যে, ব্যাটিংটা যে জায়গায় গিয়েছিল, আরও বিস্ফোরক ইনিংস খেলতে পারত। ওই সুযোগটা আজকে ছিল। কারণ আজকে ভালো একটি শুরু পেয়েছিল, স্ট্রাইক রেট ভালো ছিল। থিতু হয়ে গিয়েছিল। খেলা প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যাওয়ার অবস্থায় সে ছিল। সেই সুযোগটাকে সে কাজে লাগাতে পারেনি।”

মাহমুদউল্লাহর শরীরী ভাষায় আগের মতো ক্ষিপ্রতা না থাকা নিয়ে দুর্ভাবনা নেই নাজমুল আবেদিনের। এটিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন তিনি। এই অবস্থায় ব্যাটিংয়ে সফলতা পেতে কী করতে হবে সেটিও বলে দিয়েছেন বর্ষীয়ান এই কোচ।

“বয়সের কারণে হোক বা যে কোনো কারণে হোক, তার ফিল্ডিংয়ে আগের মতো সেই গতি থাকবে না, এটাই স্বাভাবিক। সেই চাঞ্চল্য, গতি বা কার্যকারিতা থাকবে না। এটা কিছুটা মেনে নিতেই হবে।”  

“তবে সে এখনও অবদান রাখতে পারে এবং ব্যাটিংয়ে আরও কিছু দেওয়ার আছে, যদি আরও মন খুলে খেলে, আরও ভয়ডরহীন খেলে টি-টোয়েন্টিতে। যদি মন খুলে খেলে, আমার মনে হয়, এখনও ব্যাটিং করতে পারবে। সেটা জাতীয় দলে হোক বা অন্য দলে বা অন্য সংস্করণে হোক।”