বিপিএলে মিরাজকে অধিনায়ক হিসেবে তৈরি করতে চান তামিম
এবারের বিপিএল থেকেই মেহেদী হাসান মিরাজকে নেতৃত্বের সুযোগ করে দেওয়ার ভাবনা তামিম ইকবালের।
ফরচুন বরিশালের বুধবারের অনুশীলনের ঘটনা। মিরপুরের একাডেমি মাঠে বাকি ক্রিকেটাররা শুরু করলেন গা-গরমের পর্ব। মেহেদী হাসান মিরাজকে নিয়ে তখন এক পাশে আলাদা কথা বলতে শুরু করলেন তামিম ইকবাল। সংবাদমাধ্যমের নজর পড়তেই সতীর্থকে নিয়ে আরেকটু আড়ালে গেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
দুজনের সেদিনের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। তবে বিপিএলে এবার দুজন যে খুব ঘনিষ্ঠভাবেই কাজ করবেন, সেই ধারণা করে নেওয়া যেতে পারে। টুর্নামেন্ট শুরুর আগের দিন যেমন তামিম বলেছেন, এবারের বিপিএল দিয়ে মিরাজের নেতৃত্বকে আরও পোক্ত করতে চান তিনি।
খুলনা টাইগার্স থেকে এবারের আসরে সরাসরি চুক্তিতে বরিশালে যোগ দিয়েছেন তামিম। পরে তাকে নেতৃত্বভারও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের নিজের ইচ্ছা অবশ্য ছিল ভিন্ন। ভবিষ্যৎ ভাবনায় মিরাজকেই অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমে মিরাজ নিজেই জানিয়েছেন সেটি।
এমনকি মালিকপক্ষের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন তামিম। শেষ পর্যন্ত তিনি সফল হননি। তাই চার আসর পর আবার বিপিএলে টস করতে দেখা যাবে তামিমকে। তবে মিরাজকে নেতৃত্ব থেকে খুব দূরেও রাখতে চান না তিনি।
পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার বরিশালের অনুশীলন শেষে তামিম বললেন, নিজে অধিনায়ক থেকেই মিরাজকে তিনি তৈরি করবেন ভবিষ্যতের জন্য।
“ফ্র্যাঞ্চাইজি আমাকে (অধিনায়কের) দায়িত্ব দিয়েছে, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের যে মালিক আছেন, তার সঙ্গে আমি আলোচনাও করেছি যে, আমার সঙ্গে যদি মিরাজকে আমরা এগিয়ে নিতে পারি, তাহলে ভালো কিছু হবে। তিনি এটার সঙ্গে একমত হয়েছেন।”
বিপিএলে মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা অবশ্য আগেই আছে। ২০১৯ সালে পুরো আসর রাজশাহী কিংসের নেতৃত্ব দেন তিনি। ২০২২ সালে তার অধিনায়কত্বেই টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
জাতীয় দলেও নেতৃত্বের জন্য ভবিষ্যৎ পরিকল্পনায় আছেন তিনি। গত নিউ জিল্যান্ড সফরে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই অলরাউন্ডার। যুব বিশ্বকাপে বাংলাদেশকে দুবার নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারকে ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখছেন তামিম।
“আমাদের দলে আমি আছি, মুশফিক, (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই আছেন। টি-টোয়েন্টিতে আমরা দুজন (মুশফিক ও তামিম) এমনিতেই অবসরে। রিয়াদ ভাইয়েরও এখন অধিনায়ক হওয়ার সম্ভাবনা আমার মনে হয় খুবই কম। মিরাজের খুব সম্ভবত ভবিষ্যৎ আছে, ও অধিনায়ক হতে পারে।”
এবার না পারলেও টুর্নামেন্টের গত আসরে সফল হয়েছিলেন তামিম। খুলনার অধিনায়কত্ব ইয়াসির আলি চৌধুরিকে দিয়ে তিনি খেলেছেন সাধারণ ক্রিকেটার হিসেবে। তবে যে কোনো প্রয়োজনে ইয়াসিরকে পরামর্শ দিতে দেখা গেছে তাকে।
বরিশালের হয়েও এবার অনেকটা এমনই ভাবনা তামিমের। ভবিষ্যৎ প্রস্তুতির জন্য কিছু ম্যাচে খেলার মাঝেই মিরাজের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চান তিনি।
“গতবার আমি হয়তো অধিনায়ক ছিলাম না, তবে মাঠে অনেক সক্রিয় ছিলাম। ওই দায়িত্বটা আশা করি, আমি এবার মিরাজকে দিতে পারব। অনেক খেলায় ওকে বলব নেতৃত্ব দিতে। ও নিজের মতো দলটাকে চালাক।”
“আমি, মুশফিক, রিয়াদ ভাই আছি সবসময় সাহায্য করার জন্য। এই জায়গা থেকে ওর (মিরাজ) অভিজ্ঞতাটা হলে সামনে কাজে লাগবে। সামনের বছর হোক, পরের বছর হোক, মিরাজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, জাতীয় দলে নেতৃত্ব দেবে আশা করি।”
ব্যাটসম্যান হিসেবেও মিরাজের কাছে বাড়তি চাওয়া আছে তামিমের। জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গত কয়েক বছরে প্রায় নিয়মিতই টপ-অর্ডারে ব্যাটিং করেছেন মিরাজ। সেটি কাজে লাগাতেই হয়তো বৃহস্পতিবারের অনুশীলনে মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাটিং ওপেন করেছেন তামিম।
ফরচুন বরিশালেও মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তনযোগ্য করেই রাখার পরিকল্পনা তাদের।
“আমাদের ৪ জন বিদেশি ক্রিকেটারও খেলাতে হবে। কোন চার জন আসছে, কোন চার জন ওই মুহূর্তে উপস্থিত আছে, এর ওপরও অনেক কিছু নির্ভর করবে। আমি দলকেও আজকে বলেছি, আমরা যদি একটা স্থিতিশীল ব্যাটিং অর্ডার রাখতে পারি, তাহলে ভালো। কিন্তু তিন ম্যাচ পর যদি বিদেশি পরিবর্তন হয়, তখন এটা ধরে রাখা কঠিন। তবে আমি চেষ্টা করব একটা নির্দিষ্ট ব্যাটিং অর্ডার রাখতে।”
“মিরাজকে আমি বলেছি, সে এমন একজন ব্যাটসম্যান, যে কিনা ওপরে ব্যাটিং করতে পারে আবার মিডল-অর্ডারেও করতে পারে। তো ওর এই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। এটা আমি ওকে আগে থেকেই বলেছি যে, ‘হয়তো তোর দুইটা দায়িত্বই পালন করতে হবে টুর্নামেন্ট জুড়ে।’ সেভাবেই যেন তৈরি থাকে।”
