২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আজকেই ভারতকে অলআউট করতে পারতাম’

ক্যাচগুলি নিতে পারলে দল আরও ভালো অবস্থানে থাকতে পারত, দিনশেষে বললেন বাংলাদেশের স্পিনার তাইজুল।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 07:17 PM

Updated : 14 Dec 2022, 07:17 PM

প্রথম সেশনে ৩ উইকেট, টস হেরে বোলিংয়ে নামা দলের জন্য দারুণ শুরুই বটে। দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই আসে সুযোগ। কিন্তু গ্লাভসে বল জমাতে পারেননি নুরুল হাসান সোহান। পরে আরও দুই দফায় ক্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। সঙ্গে যোগ হয় স্টাম্পে বল লাগার পরও বেলস না পড়ার দুর্ভাগ্য। দিন শেষে তাই ৬ উইকেট নিতে পারার স্বস্তির সঙ্গে তাইজুল ইসলামের আক্ষেপ, ভারতকে তো এ দিনই অলআউট করা যেত!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে তিনটি ক্যাচ ছাড়ে বাংলাদেশ। এছাড়া নেয়নি একটি রিভিউ, একবার পড়েনি বেলস। তবু দিন শেষে ৬ উইকেটে ২৭৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। ভারতের মতো দলের প্রথম দিনে ৬ উইকেট তুলে নেওয়া স্বস্তির বটে। তবু রয়েছে সুযোগ কাজে লাগাতে না পারার অস্বস্তিও।

স্রেফ ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। পাঁচ নম্বরে নেমে পাল্টা আক্রমণের পথ বেছে নেন রিশাভ পান্ত। অন্যপ্রান্তে চেতেশ্বর পুজারার দৃঢ়তায় ওই সেশনে পতন হয়নি আর কোনো উইকেটের।

লাঞ্চ বিরতির পর ইবাদত হোসেনের ওভারের দ্বিতীয় বল পুজারার ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও গ্লাভসে রাখতে পারেননি সোহান। পুজারা তখন খেলছিলেন ১২ রানে। তিনি পরে যোগ করেন আরও ৭৮ রান।

দিনের খেলা শেষে ভারতের একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে উইকেটে রয়েছেন শ্রেয়াস আইয়ার। তাকে দুইবার জীবন দিয়েছে বাংলাদেশ। ৩০ রানে সাকিবের বলে কট বিহাইন্ডের হাত থেকে বাঁচেন শ্রেয়াস। ক্যাচটি খুব একটা সহজ ছিল না। তবে বিশেষজ্ঞ কিপার হিসেবে কোচ রাসেল ডমিঙ্গোর মন জয় করা সোহানের কাছ থেকে এরকম ক্যাচ তো প্রত্যাশিতই।

পরে ৬৭ রানে আবারও সুযোগ দেন শ্রেয়াস। মেহেদী হাসান মিরাজের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ তুলে দেন ভারতীয় ব্যাটসম্যান। কিন্তু সীমানায় দাঁড়িয়ে সহজতম ক্যাচটি নিতে পারেননি ইবাদত।

বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায় বেঁচে যাওয়া পুজারা ও শ্রেয়াস পঞ্চম উইকেটে গড়েন ১৪৯ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে যা ভারতের রেকর্ড। ক্যাচগুলো নিতে পারলে এত বড় জুটি হতো না, শ্রেয়াসও ফিফটির আগেই ফিরতেন ড্রেসিংরুমে। 

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, প্রথম দিনে ভারতে অলআউট করার সুবর্ণ সুযোগ কি হারাল বাংলাদেশ? এ দিন দারুণ বোলিংয়ে ৩ উইকেট নেওয়া তাইজুল সেখানে দ্বিমত করলেন না।  

“এটা (অলআউট করা সম্ভব ছিল) বলতে পারে…। ১০-১৫ ওভার থাকতেই হয়তো পারতাম (অলআউট করতে)। তখন পাঁচ-ছয়টা উইকেট পড়ে যেত, যদি আমরা সুযোগগুলো নিতে পারতাম। অলআউট করা সম্ভব ছিল। অসম্ভব ছিল না সেটা বলতে পারেন।”

অবশ্য ক্যাচের বাইরে শ্রেয়াসকে সরাসরি ‘বোল্ডও’ করেছিল বাংলাদেশ। ইবাদতের করা ৮৪তম ওভারের পঞ্চম ডেলিভারিটি খানিক নিচু হয়ে চুমু দেয় শ্রেয়াসের অফ স্টাম্পে। সঙ্গে সঙ্গে জিং লাইট জ্বলে ওঠে, নড়ে ওঠে বেলসও। কিন্তু স্টাম্প থেকে বিচ্ছিন্ন হয়নি কাঠের  বেলসের চেয়ে তুলনামূলক ভারী এই বেলস। ৭৭ রানে ফের বেঁচে যান শ্রেয়াস।

এর বাইরে একটি রিভিউ নেওয়ার সুযোগও হারায় বাংলাদেশ। তাইজুলের করা ৮৭তম ওভারের তৃতীয় বলটি আকসার প্যাটেলের ব্যাট-প্যাড হয়ে জমা পড়ে শর্ট লেগে দাঁড়ানো জাকির হাসানের হাতে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তাইজুল আত্মবিশ্বাসী হলেও রিভিউ নেয়নি বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলেই উইকেট পেত তারা।

সংবাদ সম্মেলনে এটা নিয়ে সরাসরি কিছু না বললেও বাংলাদেশ দলের রিভিউ নেওয়ার প্রক্রিয়াটা তুলে ধরলেন তাইজুল।

“যারা উইকেটকিপার বা সিলিতে থাকে, তারা তো কাছে থাকে। তাই না? এরা আসলে আওয়াজটা ভালোভাবে পায়, যে কোনটা ব্যাটে আর কোনটা প্যাডে লেগেছে। তাদের একটা মতামত নেওয়া হয়। অনেক সময় বোলারেরও নেওয়া হয়। কারণ বোলার সোজা থেকে ভিউটা ভালো বোঝে।”  

অবশ্য আকসারের রিভিউ না নিলেও এর মাশুল বেশি দিতে হয়নি বাংলাদেশকে। দিনের শেষ বলে তাকে এলবিডব্লিউ করে স্বাগতিকদের এগিয়ে দিয়েছেন মিরাজ।