রোমাঞ্চ ছড়িয়ে ইমার্জিং দলের ড্র
শেষ দিনে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল।
শ্রীলঙ্কায় চার দিনের ম্যাচে জয়ের আশা জাগিয়েও পুরো সুযোগ পেল না বাংলাদেশ ইমার্জিং দল। শেষ দিনে বৃষ্টিতে ভেসে গেল এক সেশনের বেশি। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ল দুই দল।
ডাম্বুলায় ম্যাচের শেষ দিন ৩৫১ রানের লক্ষ্যে স্রেফ ৬৯ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা ইমার্জিং দল। এরপর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
পুরো ম্যাচেই ছিল বৃষ্টির বাগড়া। বাংলাদেশের প্রথম ইনিংসই চলে তৃতীয় দিন প্রথম সেশন পর্যন্ত। আইচ মোল্লার সেঞ্চুরি এবং শাহাদাত হোসেন, প্রিতম কুমার ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে ৫০১ রানে ইনিংস ঘোষণা করে তারা।
জবাবে তৃতীয় দিন ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে স্বাগতিকরা। শেষ দিন আর ব্যাটিংয়ে না নেমে ওই অবস্থায়ই ইনিংস ঘোষণা করে তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৪৭ রান করে ছেড়ে দেয় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক জয়। ২৮ বলের ইনিংসে ৭টি চার মারেন তিনি।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শুরুর সময়ও বাকি ছিল দিনের ৫০ ওভার। বৃষ্টির কারণে ২০ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।
১০ ওভারের মধ্যে স্রেফ ১৭ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় পঞ্চাশের আগে ফেরেন আরও এক লঙ্কান ব্যাটসম্যান। পরে বৃষ্টিতে শুধু আক্ষেপই বাড়ে সফরকারীদের।
একই মাঠে আগামী বুধবার দ্বিতীয় চার দিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৫০১/৯ (ডি.)
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: ২৯৮/৭ (ডি.)
বাংলাদেশ ইমার্জিং দল ২য় ইনিংস: ৩৭.২ ওভারে ১৪৭/৯ (ডি.) (প্রান্তিক ৯, আইচ ২৪, জয় ৩৯, শাহাদাঁত ৫, মামুন ১, প্রিতম ২০, শরিফ ১৬, মুরাদ ৪, রিপন ২২, নাঈম ১*; মালিঙ্গা ৮-০-৩৪-০, প্রেমারাত্নে ১-০-৪-০, উইজেসিংহে ৫-০-২৫-১, দুলশান ১১.২-০-৪০-৪, সেনারাত্নে ১২-২-৪৩-৪)
শ্রীলঙ্কা ইমার্জিং দল ২য় ইনিংস: (লক্ষ্য ৩৫১ রান) ২০ ওভারে ৬৯/৫ (পারানাভিতানা ১২, লিয়ানারাচ্চি ২, রাত্নায়েকে ০, দিনুশা ২৭*, উইক্রামাসিংহে ১, লিভেরা ১৭, উইজেসিংহে ৫*; রিপন ৫-১-১০-২, শরিফ ৪-২-৬-১, মুরাদ ৬-০-২৪-২, রানা ৪-০-২৩-০, নাঈম ১-০-১-০)
ফল: ড্র
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ০-০ সমতা
