২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভার থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর চ্যালেঞ্জে বাংলাদেশ

আফগানদের হারানোর পর এবার ইংল্যান্ডের সামনে সাকিব আল হাসানের দল, একাদশে দেখা যেতে পারে শেখ মেহেদি হাসানকে।

নির্ভার থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর চ্যালেঞ্জে বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর এবার ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ দল।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ধারামশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 09:08 PM

Updated : 09 Oct 2023, 09:08 PM

বাংলাদেশের অনুশীলনের সময়টায় দুই দফায় বেশ তৎপর দেখা গেল চান্দিকা হাথুরুসিংহেকে। একবার শেখ মেহেদি হাসানকে নিয়ে, আরেকবার উইকেট পর্যবেক্ষণ করতে গিয়ে। টুকরো টুকরো ছবিগুলোয় ফুটে উঠল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সম্ভাব্য সমীকরণের নানা বাঁক।

বিশ্বকাপে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তানের সঙ্গে জিতে আসর শুরু করা বাংলাদেশের চাওয়া থাকবে জয়ের পথ ধরে এগিয়ে চলার। নিউ জিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করা ইংল্যান্ড আশায় থাকবে নিজেদের গুছিয়ে নিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে ফেরার। ধারামশালায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু এই ম্যাচ।

আগের ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে অন্তত একটি পরিবর্তনের পরিষ্কার ইঙ্গিত মিলল অনুশীলনে মেহেদিকে নিয়ে হাথুরুসিংহের নানা ব্যস্ততা থেকে। এই অলরাউন্ডারের সঙ্গে বারবার আলাদা করে কথা বললেন কোচ। তাকে নিয়ে উইকেটের কাছে গেলেন তিনবার। প্রতিবারই বেশ সময় নিয়ে বুঝিয়ে দিলেন নানা কিছু। দূর থেকে দেখে মনে হচ্ছিল, বলের লেংথ কোথায় রাখা উচিত, সেটিই হয়তো আলোচনার বিষয়বস্তু।

এছাড়া নেট সেশনেও বারবার কোচকে দেখা গেল মেহেদির সঙ্গে কথা বলতে ও নানা কিছু বুঝিয়ে দিতে। এই অফ স্পিনিং অলরাউন্ডার যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে থাকছেন, তা নিয়ে সংশয় থাকছে তাই সামান্যই। সেটি কার পরিবর্তে, কৌতূহল আপাতত সেখানেই।

মেহেদির একাদশে থাকা মানে একাদশের সমন্বয়ও আরেকটু পোক্ত হওয়া। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো দুজন অলরাউন্ডার থাকার পরও প্রথম ম্যাচে বোলিং আক্রমণে ছিল স্রেফ ৫ জন স্পেশালিস্ট বোলার। সেদিন বোলাররা দারুণ বোলিং করায় বাড়তি বোলারের প্রয়োজন বুঝতে দেননি। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, ভালোমানের একজন ষষ্ঠ বোলার হয়ে উঠতে পারে জরুরি। মেহেদিকে একরকম বিশেষজ্ঞ বোলারই বলা যায়। সঙ্গে বাড়তি পাওনা ব্যাটিং তো আছেই।

মেহেদির একাদশে আসা অনেকটা পরিষ্কার হলেও ধোঁয়াশা রয়ে গেল উইকেটের সম্ভাব্য চরিত্র নিয়ে। হাথুরুসিংহের উইকেট পর্যবেক্ষণ প্রক্রিয়া দেখে মনে হলো, উইকেটের সম্ভাব্য আচরণ ভাবাচ্ছে তাকেও।

উইকেটে দুপুরের দিকে ঘাস ছিল ভালোই। পরে তা ছেঁটে দেওয়া হলো অনেকটা। এরপর খুব কাছ থেকে গভীরভাবে উইকেট দেখলেন হাথুরুসিংহে। একটু পর তিনি উইকেটের কাছে ডেকে নিয়ে গেলেন দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে।

শ্রীরাম চলে যাওয়ার পরও হাথুরুসিংহে রইলেন উইকেটের কাছেই। হাত দিয়ে টিপে উইকেট দেখার পর তিনি পাশেই আগের ম্যাচের উইকেটেও টিপে দেখলেন কিছু একটা। হয়তো সেদিনের উইকেটের সঙ্গে তুলনা করে দেখলেন এ দিনের উইকেট।

কৌতূহল জাগানিয়া ব্যাপারটি হলো এরপর। হাথরুসিংহে ফিরে গেলন ড্রেসিং রুমে। কিছুক্ষণ পরই ফিরলেন সাকিবকে সঙ্গে নিয়ে। বাংলাদেশের কোচ ও অধিনায়ক আবারও গভীর মনোযোগে পর্যবেক্ষণ করলেন উইকেট। উইকেটের নানা জায়গা টিপে দেখলেন সাকিব। পরে তারা দুজনই বেশ কিছুক্ষণ কথা বললেন মাঠের কিউরেটরের সঙ্গে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য উইকেট সম্পর্কে কোনো ধারণা দিতে পারলেন না। কারণ, তখনও তিনি উইকেট দেখেননি। তবে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার যা বললেন, তাতে এই ম্যাচের উইকেট ধারামশালার চেনা উইকেটের মতোই। কিছুটা গতি ও বাউন্স থাকবে। ইংল্যান্ড এমনকি স্পিনার কমিয়ে বাড়তি পেসার খেলাতে পারে, সেই সম্ভাবনার কথাও বললেন বাটলার।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে যদিও বরাবরের চরিত্র থেকে বেরিয়ে এসেছিল ধারামশালার উইকেট। কিছুটা মন্থর ছিল উইকেট, টার্নও মিলেছিল। তা দারুণভাবে কাজে লাগান সাকিব ও মিরাজ। এবার বাটলারের ধারণা সত্যি হলে, ইংলিশ পেস আক্রমণের সামনে হয়তো কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য।

সেই পরীক্ষার শুরুটা হতে পারে একদম ইনিংসের শুরু থেকেই। লিটন কুমার দাস যে একদমই ছন্দে নেই। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সহজ লক্ষ্য ও চাপহীন ম্যাচেও তিনি পারেননি টিকে থাকতে। গত বছর ওয়ানডেতে যার গড় ছিল ৫২.৪৫, এই বছর সেই তার গড় ১৭ ইনিংসে স্রেফ ২৩.৪০। আউট হওয়ার ধরনগুলোতেও ফুটে ওঠে আত্মবিশ্বাসের ঘাটতি। দলের আরেক ওপেনার তানজিদ হাসান তো একদমই অনভিজ্ঞ।

দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের পাশাপাশি লিটনও অনুশীলনে ছিলেন অনুপস্থিত। হয়তো মন চনমনে রাখার জন্যই স্টাইলিশ ওপেনারের এই বিশ্রাম। দাওয়াই কতটা কাজে লাগবে, দেখা যাবে ম্যাচেই।

এমনিতে ইংল্যান্ড বরাবরই বাংলাদেশের জন্য সাজিয়ে রাখে কঠিন চ্যালেঞ্জ। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে যদিও জিতেছিল বাংলাদেশই। তবে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ছিটকে যাওয়ার পর ইংলিশ ক্রিকেট কীভাবে ধুলোয় মাখামাখি থেকে শিখরের সূর্যস্নানে স্নাত হয়েছে, সেটা তো ক্রিকেট বিশ্বে প্রবল চর্চিত।

২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নিজেদের নতুন উচ্চতায় তুলে নিলেও সিরিজ জিততে পারেনি এই ইংল্যান্ডের সঙ্গেই। ২০১৬ সালে ও এই বছর, ইংলিশদের কাছে নিজেদের মাঠেই দুটি সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে এবার দুই দলের শুরুটা দুইরকম হলেও তাই ফেভারিট ইংল্যান্ডই। বাংলাদেশকে সমীহ করলেও তাই বাটলারের কণ্ঠে ফুটে উঠল আত্মবিশ্বাস।

“না, একটুও নয় (দুর্ভাবনা আছে কি না)। বাংলাদেশের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ আমরা খেলেছি। তারা ভালো দল। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। বিশ্বকাপের ম্যাচে তো কঠিন প্রতিপক্ষ ও লড়াই হবে বলে ধারণা করাই যায়।”

“দুই দলই স্রেফ একটি করে ম্যাচ খেলেছে। আমরা দল হিসেবে আত্মবিশ্বাসী। আমরা জানি যে, আগের দিনের চেয়ে ভালো খেলতে পারি আমরা এবং আগামীকালের ম্যাচে ভালো প্রদর্শনী মেলে ধরতে মুখিয়ে আছি।”

ইংল্যান্ডের এই মরিয়া ভাবনাই বাংলাদেশের জন্য হতে পারে ইতিবাচক। বিশ্বকাপের পথরেখায় বাংলাদেশের বিপক্ষে জয়টা তাদের অনেকটা নিশ্চিতই ধরে নেওয়ার কথা। ‘জিততেই হবে’-এই চাপে ভেঙে পড়ার নজির তো ক্রিকেটে কম নেই! বাংলাদেশ সেদিক থেকে অনেকটাই চাপমুক্ত। জিততে না পারলেও বড় কোনো ধাক্কা হবে না তাদের জন্য। আর কোনো দল যখন নির্ভার থাকে, চমকপ্রদ কত কিছুই তো হতে পারে!