শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল আফগানিস্তান
দারুণ ব্যাটিং-বোলিংয়ে ৭ উইকেট জিতল আফগানিস্তান।
জিততে প্রয়োজন এক রান। ছক্কা মেরে জেতার আশায় মিড উইকেট দিয়ে মারলেন আজমাতউল্লাহ ওমারজাই। বল ভাসল হাওয়ায়। তবে সীমানায় ক্যাচ নিতে পারলেন না চারিথ আসালাঙ্কা। এক রান পূর্ণ করে বেঁচে যাওয়ার বিস্ময় কাটিয়ে দারুণ জয়ের উল্লাসে মাতলেন ওমারজাই। পরে পুরো দল মিলে দিল ভিক্টোরি ল্যাপ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। সোমবার ২৪২ রানের লক্ষ্য ২৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে হাশমাতউল্লাহ শাহিদির নেতৃত্বাধীন দল।
বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে এটিই আফগানদের প্রথম জয়। বৈশ্বিক টুর্নামেন্টে এ নিয়ে সব মিলিয়ে ৪৩ ম্যাচ হারল শ্রীলঙ্কা। তাদের চেয়ে বেশি হারের নজির নেই আর কোনো দেশের। জিম্বাবুয়ের পরাজয় ৪২টি।
টুর্নামেন্টের আগের দুই আসর মিলিয়ে স্রেফ এক ম্যাচ জিতেছিল আফগানিস্তান। এবার ছয় ম্যাচের মধ্যে তারা পেল তৃতীয় জয়। এর আগে দুই বিশ্বকাপজয়ী দল ইংল্যান্ড ও পাকিস্তানকে হারায় তারা।
এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে আফগানরা। পরের তিন ম্যাচে তাদের সামনে থাকছে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করার সুযোগ। সমান ম্যাচে ২ জয়ে ছয় নম্বরে শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ৮ উইকেটে জেতে আফগানিস্তান। তৃতীয় উইকেটে রেহমাত শাহর সঙ্গে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে দল জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শাহিদি। এবার ওমারজাইয়ের সঙ্গে চতুর্থ উইকেটে তার অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১১১ রান।
পঞ্চাশের দেখা পেয়েছেন শাহিদি, ওমারজাই দুজনই। আগের ম্যাচে অপরাজিত ফিফটি করা রেহমাত এবারও খেলেছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফাজালহাক ফারুকি।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিজের ফেরা রাঙিয়েছেন ফারুকি। ১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ৩৪ রানে ধরেছেন ৪ শিকার। বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সেরা বোলিং এটি। গত আসরে শ্রীলঙ্কার বিপক্ষেই ৩০ রানে ৪ উইকেট নিয়েছিলেন মোহাম্মাদ নবি।
শেষ পর্যন্ত সহজ জয় পেলেও রান তাড়ায় আফগানিস্তানের শুরুটা ছিল শঙ্কা জাগানিয়া। প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফিরে যান আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা রহমানউল্লাহ গুরবাজ।
শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও রেহমাত। গুরবাজের পর ইব্রাহিমকেও আউট করেন দিলশান মাদুশানকা। ৪ চার ও ১ ছক্কায় ৫৭ বলে ৩৯ রান করেন ইব্রাহিম।
এরপর রেহমাতকে নিয়ে এগোতে থাকেন শাহিদি। ক্যারিয়ারের ২৫তম ফিফটি ছুঁয়ে ৬২ রানে আউট হন রেহমাত। তার বিদায়ে ভাঙে ৫৮ রানের তৃতীয় উইকেট জুটি।
সেখান থেকে আর কোনো উইকেট পড়তে দেননি শাহিদি, ওমারজাই। আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা আফগান অধিনায়ক এবার খেলেন ২ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৫৮ রানের ইনিংস।
পাঁচ নম্বরে নামা ওমারজাইয়ের ব্যাট থেকে আসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ বলে ৭৩ রানের ইনিংস। এর আগে বল হাতে লঙ্কান ওপেনার পাথুম নিসানকার উইকেটও নেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার।
ম্যাচের প্রথমভাগে টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তাদের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই দুই অঙ্ক স্পর্শ করেন। কিন্তু কেউই পঞ্চাশ পেরোতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান আসে নিসানকা ব্যাট থেকে।
অধিনায়ক কুসাল মেন্ডিস আউট হন ৩৯ রান করে। ছন্দে থাকা সাদিরা সামারাউইক্রামাও বেশি দূর যেতে পারেননি। ত্রিশ পেরিয়েই থামে তার ইনিংস।
শেষ দিকে মাহিশ থিকশানার ২৯ রানের সৌজন্যে আড়াইশর কাছাকাছি যায় শ্রীলঙ্কা। যা যথেষ্ট হয়নি জয়ের জন্য।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২৪১ (নিসানকা ৪৬, কারুনারাত্নে ১৫, মেন্ডিস ৩৯, সামারাউইক্রামা ৩৬, আসালাঙ্কা ২২, ম্যাথিউস ২৩, চামিরা ১, থিকশানা ২৯, রাজিথা ৫, মাদুশানকা ০*; মুজিব ১০-০-৩৮-২, ফারুকি ১০-১-৩৪-৪, নাভিন ৬.৩-০-৪৭-০, ওমারজাই ৭-০-৩৭-১, রাশিদ ১০-০-৫০-১, নবি ৬-০-৩৩-০)
আফগানিস্তান: ৪৫.২ ওভারে ২৪২/৩ (গুরবাজ ০, ইব্রাহিম ৩৯, রেহমাত ৬২, শাহিদি ৫৮, ওমারজাই ৭৩*; মাদুশানকা ৯-০-৪৮-২, রাজিথা ১০-০-৪৮-১, ম্যাথিউস ৩-০-১৮-০, চামিরা ৯.২-০-৫১-০, থিকসানা ১০-০-৫৫-০, ধানাঞ্জয়া ৪-০-২১-০)
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফাজালহাক ফারুকি
