জ্যাম্পার লেগ স্পিনে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস
দুই ওপেনারের শতক ছোঁয়া জুটির পরও ২০৯ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা।
বিশ্বকাপের শুরুতে ভালো করতে পারেননি অ্যাডাম জ্যাম্পা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খরুচে বোলিংয়ে নেন স্রেফ ১ উইকেট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। লেগ স্পিনের ভেলকিতে লঙ্কান ইনিংসে ধস নামিয়ে নিলেন ৪ উইকেট।
লক্ষ্ণৌতে জ্যাম্পার বোলিংয়ের সৌজন্যে শ্রীলঙ্কাকে ২০৯ রানে অলআউট করে দিয়েছে অস্ট্রেলিয়া।
অথচ টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনারের ফিফটিতে উদ্বোধনী জুটিতেই আসে ১২৫ রান। এরপর শুরু জ্যাম্পার জাদু। স্রেফ ৮৪ রানে সবকটি উইকেট হারিয়ে অলআউট লঙ্কানরা।
৮ ওভারে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন জ্যাম্পা। বিশ্বকাপে এটিই তার সেরা বোলিং। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ধরেছেন ২টি করে শিকার।
চতুর্দশ ওভারে প্রথম বোলিংয়ে আসেন জ্যাম্পা। জোড়া বাউন্ডারিতে তাকে স্বাগত জানান পাথুম নিসানকা। তিন ওভারের ওই স্পেলে ২২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ৩১ বছর বয়সী লেগ স্পিনার।
২৮তম ওভারে তাকে ফের আক্রমণে আনেন কামিন্স। ওভারের শেষ বলে দারুণ ছন্দে থাকা কুসাল মেন্ডিসকে (১৩ বলে ৯) ফেরান জ্যাম্পা। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক।
নিজের পরের ওভারের প্রথম বলে তিনি ড্রেসিং রুমে পাঠান আরেক ছন্দে থাকা ব্যাটসম্যান সাদিরা সামারাউইক্রামাকে (৮ বলে ৮)। এই দুই উইকেটেই মূলত বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
পরে চামিকা কারুনারাত্নে ও মাহিশা থিকশানাও আউট হন জ্যাম্পার বলে।
ইনিংসের শুরুতে দাপট দেখান পেরেরা ও নিসানকা। এতে অবশ্য স্টার্কেরও 'অবদান'ও কম নয়। প্রথম ওভারেই নন স্ট্রাইক প্রান্তে পেরেরাকে রান আউট করার সুযোগ পান তিনি। পঞ্চম ওভারেও একই সুযোগ আসে স্টার্কের সামনে। দুইবার রান আউট না করে থেমে যান বাঁহাতি পেসার।
দুইবার এভাবে বেঁচে যাওয়ার পর ১২ চারে ৮২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন পেরেরা। নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৮ চারে ৬৭ বলে ৬১ রান। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু চারিথ আসালাঙ্কা, ৩৯ বলে ২৫ রান।
