নির্ভার থাকার মন্ত্রে শরিফুলদের উজ্জীবিত করছেন সাকিব
দারুণ জয়ের পর শরিফুল ইসলাম জানালেন, বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় থাকার বার্তা দিয়েছেন সাকিব আল হাসান।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এবারের বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড। দলের অনেকেরই নেই আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। তরুণ পেসার শরিফুল ইসলাম জানালেন, তরুণ এই ক্রিকেটারদের থেকে সেরাট পেতে নির্ভার থাকার বার্তা দিয়েছেন সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বিশ্বকাপে অভিষেক হয়েছে বাংলাদেশের চার ক্রিকেটার- তানজিদ হাসান, শরিফুল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের। এর বাইরে হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, তানজিম হাসানেরও নেই বড়দের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা।
এদের মধ্যে শরিফুল, হৃদয়, তানজিদ ও তানজিম ছিলেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। এবার বড়দের বৈশ্বিক আসরে খেলে দুটির পার্থক্য ভালোই বুঝতে পেরেছেন শরিফুল।
আফগানদের বিপক্ষে শুরুতে কিছুটা এলোমেলো বোলিং করা বাঁহাতি এই পেসার শেষ পর্যন্ত ৬.২ ওভারে ৩৪ রান খরচায় ধরেন ২ শিকার। পরে ম্যাচ শেষে মিক্সড জোনে দুই বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা জানান তিনি।
“আগেরটা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এখন ওয়ানডে বিশ্বকাপ, মূল বিশ্বকাপ। এখানে বিশ্ব মানের ব্যাটসম্যান আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আছে হয়তো, তবে ওরকম নেই। এখানে প্রতিটা ব্যাটসম্যানই খুব ভালো। বল এদিক সেদিক হলে ব্যাটসম্যানরা দাপট দেখায়।”
“আমরা যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম, তখন প্রতিটি ম্যাচ আলাদা চিন্তা করে খেলছিলাম। এখানেও তাই চিন্তা করছি। ম্যাচ বাই ম্যাচ। এখন পরের ম্যাচ নিয়ে ভাবনা। এরপর পরেরটা।”
শরিফুল জানালেন, বড়দের মঞ্চে তাদের বাড়তি কিছু না করে নিজেদের স্বাভাবিক প্রক্রিয়া ঠিক রাখার কথা বলেছেন অধিনায়ক।
“সাকিব ভাই সব সময় আমাদের গাইড করেন। উনি আমাদেরকে বলেন যে, ‘তোমাদের হারানোর কিছু নেই। তোমরা যেটা অনুশীলনে শিখে এসেছ, সেটাই এখানে করবে। দেখবে সফল হবে।’ তাসকিন ভাই, মুস্তাফিজ ভাই আছেন... উনাদের থেকে শিখছি। আমরা কেউ চাপ নিচ্ছি না। সবাই উপভোগ করছি।”
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে দলের আলোচনাতেও কোচ-অধিনায়কের কাছ থেকে অভিন্ন বার্তা পেয়েছেন শরিফুলরা।
“অনুপ্রাণিত করার জন্য বলতে, তারা (কোচ ও অধিনায়ক) একটা কথাই বলেছেন, ‘আমরা এখানে যাচ্ছি হারানোর কিছু নেই। আমরা কিছু হারানোর জন্য যাচ্ছি না। আমরা যাচ্ছি ম্যাচ বাই ম্যাচ খেলতে। নয় ম্যাচ পরে কী হবে, সেটা দেখা যাবে।’ তো আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।”
